ফরিদপুরে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন অনুযায়ী গেজেট প্রকাশের পর অর্পিত সম্পত্তির ইজারা বাতিল ও নতুন করে ইজারা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।ফরিদপুরে ক ও খ তফসিল মিলে অর্পিত সম্পত্তির পরিমাণ প্রায় ১১ হাজার ৬১২ একর। গত ২৬ এপ্রিল ফরিদপুর সদরের ক তফসিল এবং ১৪ মে খ তফসিলের গেজেট প্রকাশ করা হয়। কিন্তু ক তফসিলের গেজেট প্রকাশের পর ফরিদপুরে অর্পিত সম্পত্তির ইজারা বাতিল ও নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ১৭ জুলাই ফরিদপুর সাংবাদিক সমিতির নামে বরাদ্দ দেওয়া ফরিদপুর মৌজার (ভিপি কেস নম্বর ২/২০০০) ২ দশমিক ৭ শতাংশ জমির ইজারা বাতিল করে তা ফরিদপুর ডায়াবেটিক সমিতিকে দেওয়া হয়েছে।ফরিদপুর সাংবাদিক সমিতির সভাপতি মুন্শী হারুন অর রশিদ জানান, সাংবাদিক সমিতির ইজারা বাতিল করা হয়েছে, এ-সংক্রান্ত কোনো চিঠি তাঁকে দেওয়া হয়নি। কয়েক দিন পর তাঁদের সমিতির সাইনবোর্ড সরিয়ে ডায়াবেটিক সমিতির সাইনবোর্ড লাগানো হয়েছে।অন্যদিকে, জুলাই মাসের শেষ দিকে শহরের কমলাপুর মৌজার (ভিপি কেস নম্বর ৫১/৭৭-৭৮) শেখ সোবহান হাওলাদারের নামে বরাদ্দ ১১ শতাংশ জমির ইজারা বাতিল করে জেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল হাসান খন্দকার ও যুগ্ম আহ্বায়ক এ এইচ এম ফোয়াদকে দেওয়া হয়েছে।শেখ সোবহান হাওলাদার বলেন, ‘বাংলা ১৪১৮ সাল পর্যন্ত আমি ইজারার টাকা জমা দিয়েছি। আমি কখনো ইজারার শর্ত ভঙ্গ করিনি। তার পরও আমার ইজারা বাতিল করে ওই দুজনের নামে ইজারা দেওয়া হয়েছে।’ফরিদপুরের সরকারি কৌঁসুলি (জিপি) অসিত কুমার মজুমদার জানান, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের গেজেটের ১৩-এর ১(গ) ধারা অনুযায়ী গেজেট ঘোষণার পর ইজারা বাতিল বা নতুন করে দেওয়ার কোনো সুযোগ নেই।ফরিদপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মুহা. রফিকুল ইসলাম জানান, শর্ত ভঙ্গ করার জন্য সাংবাদিক সমিতির ইজারা বাতিল করা হয়েছে। সোবহান হাওলাদার বাড়ির রাস্তা হিসেবে ব্যবহারের জন্য ওই জমি ইজারা নিয়েছিলেন। কিন্তু ওই এলাকায় পৌরসভা রাস্তা নির্মাণ করে দেওয়ায় ওই জমি সোবহান হাওলাদার কোনো কাজে না লাগিয়ে ফেলে রেখেছিলেন। এ জন্য জেলা প্রশাসক ওই ইজারা দুটি বাতিল করেছেন।জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আমি জমি ফেলে রাখতে পারি না। জমি ফেলে রাখলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে, তাই আমি নতুন করে ইজারা দিয়েছি।’