গেজেট স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালাবে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করে প্রকাশিত গেজেটের কার্যকারিতার ওপর আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ কথা জানান।এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বিষয়টি নিয়ে দুই নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ছহুল হোসাইন বলেন, মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বাতিল করে চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণার সিদ্ধান্ত সঠিক ছিল। আদালতের নির্দেশনা মেনেই কমিশন এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। এ বিষয়ে হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছেন, তার কপি হাতে পাওয়ার পর আইনিভাবে তা মোকাবিলা করা হবে। তিনি জানান, আদালতের স্থগিতাদেশের ফলে মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বহাল রয়েছে। সংসদের কাজে অংশ নেওয়ার ক্ষেত্রেও তাঁর কোনো বাধা নেই।