গেজেট হলেই প্রশাসক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণে প্রশাসক পদে সরকারি কর্মকর্তা নিয়োগ দেবে সরকার। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধনী আইন গেজেট আকারে প্রকাশিত হওয়ার পরপরই দুজন প্রশাসক নিয়োগ দেওয়া হবে।জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজনৈতিক পরিচিতির কাউকে প্রশাসক নিয়োগ করা হবে না। সরকারি কর্মকর্তাদের মধ্য থেকেই উত্তর ও দক্ষিণের প্রশাসক নিয়োগ দেওয়া হবে। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকও অনুরূপ তথ্য দেন।আইন অনুসারে সরকার তার পছন্দের দুজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করতে পারবে। তাঁরা সরকারি কর্মকর্তা হতেও পারেন, না-ও পারেন।সরকারি সূত্র জানায়, প্রশাসক নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব ও একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে ঠিক করে রাখা হয়েছে। গেজেট হলেই তাঁদের নিয়োগ দেওয়া হবে। এই দুই কর্মকর্তা হলেন ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল মালেক।প্রশাসক নিয়োগের পরই স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবে।আইনে রাজনৈতিক কাউকে প্রশাসক মনোনয়ন দেওয়ার সুযোগ থাকলেও সরকার তা করছে না কেন—এই প্রশ্নের জবাবে সরকারের একাধিক নীতিনির্ধারক জানান, জনমনে সৃষ্ট সংশয়-সন্দেহ নিরসন করতেই সরকারি কর্মকর্তার বাইরে কাউকে প্রশাসক নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সিটি করপোরেশনের নির্বাচনও নির্ধারিত সময়ে করার সিদ্ধান্ত হয়েছে। আইন অনুযায়ী, কোনো প্রশাসক ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে অসমর্থ হলে তাঁকে পরিবর্তন করে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হবে। ওই প্রশাসককে পরবর্তী ৯০ দিনের মধ্যে অবশ্যই নির্বাচন করতে হবে।