গেজেটভুক্ত না হওয়ায় কষ্টের শেষ নেই
ঝড় হলে চালা উড়ে যাওয়ার ভয় আর গরমে চালার টিন তপ্ত হয়ে কষ্ট। টিন ও বাঁশ দিয়ে তৈরি চারপাশের বেড়ার কোথাও ফুটো, কোথাও ভাঙা। সরকারি বিধি অনুযায়ী বেতন-ভাতাও পান না শিক্ষকেরা। শিক্ষার্থী, শিক্ষক সবাই নানারকম না পাওয়ার কষ্টে আছেন।
সরকারিকরণ হলেও গেজেটভুক্ত না হওয়ায় রংপুরের সদর উপজেলার রেজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এভাবে দুর্ভোগ পোহাচ্ছেন।
গত শনিবার দুপুর ১২ টায় সরেজমিনে দেখা গেছে, একটি লম্বা ঘর। চারদিকের বেড়া ভাঙা। শ্রেণিকক্ষগুলোর মধ্যে কোনো ভাগ (পার্টিশন) নেই। টানা লম্বা ঘরটির মধ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। প্রয়োজনীয়সংখ্যক বেঞ্চ নেই। তাই শিক্ষার্থীদের গাদাগাদি করে বেঞ্চে বসতে হচ্ছে। প্রচণ্ড গরম। বিদ্যুৎ সংযোগও নেই। মাথার ওপরের চালের টিনের গরমে দরদর করে ঘামছে শিশু শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্র জানা যায়, ২০০০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সরকারি হয় ২০১৩ সালে। এখানে প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক আছেন। শিক্ষার্থী আছে ২৫০ জন।
পঞ্চম শ্রেণির ছাত্র সাকিবুল ইসলাম বলে, ‘কয়েক বছর ধরে এই স্কুলোত পড়তাছি। ক্লাস করতে খুব কষ্ট হয়। এই গরমোত মেলা পোলাপান স্কুলোই আসতাছে না।’
চতুর্থ শ্রেণির ছাত্র রেজোয়ানা খাতুন বলে, ‘এত গরমোত কী পড়াত মন বইসে?’
সহকারী শিক্ষক শাহজাহান আলী বলেন, ‘এটা একটা সরকারি বিদ্যালয়। অথচ পাকা ভবন, বিদ্যুৎ কিছুই নেই। প্রচণ্ড কষ্ট করে এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করছে।’
সহকারী শিক্ষক আম্বিয়া খাতুন বলেন, ‘বর্ষার সময় চাল দিয়ে পানি পড়ে। ঝড় উঠলে ভয় লাগে। কী যে কষ্ট!’
প্রধান শিক্ষক তারাজুল ইসলাম বলেন, ‘দুই বছর হলো বিদ্যালয়টি সরকারিকরণ হয়েছে। কিন্তু এখনো সরকারি বিধি অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছি না।’
রংপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়টি সরকারি হলেও এখনো গেজেটভুক্ত হয়নি। তাই শিক্ষকেরা সরকারি বিধিমোতাবেক বেতন ভাতা পাচ্ছেন না। সেই সঙ্গে অবকাঠামোরও পরিবর্তন হচ্ছে না। চলতি জুন মাসেই বিদ্যালয়টি গেজেটভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।