নতুন বছর আসার আগেই সুখবর পেলেন ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৬৪ জন। গতকাল বুধবার তাঁদের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০১৭ সালের ১ জানুয়ারি তাঁরা বিসিএস ক্যাডার হিসেবে চাকরিতে যোগ দেবেন। নেতিবাচক গোয়েন্দা প্রতিবেদনের কারণে এই ৬৪ জনের চাকরি আটকে গিয়েছিল। এ নিয়ে এ বছরের ৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘মনোনীত হয়েও চাকরি পাচ্ছেন না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। পরে এ নিয়ে সম্পাদকীয়ও প্রকাশ করা হয়। এরপর সরকারের পক্ষ থেকে ফের তাঁদের গোয়েন্দা প্রতিবেদন যাচাই করে নিয়োগের সুপারিশ করা হয়। এর মধ্যে ১৭ নভেম্বর সাতজনের এবং আজ ৬৪ জনের গেজেট প্রকাশ করা হয়। গত বছরের ২৯ আগস্ট ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ বছরের ১৬ মে গেজেট প্রকাশিত হলে দেখা যায় প্রায় শতাধিক প্রার্থীর নাম নেই। নিজস্ব প্রতিবেদক