জামালপুরের ইসলামপুর উপজেলায় গেজেটভুক্ত ১৫ ব্যক্তি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন। গতকাল সোমবার কাগজপত্র ও সাক্ষ্য যাচাই-বাছাই শেষে তাঁদের বাদ দেওয়ার সুপারিশ করেছে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি।
উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি সূত্র জানায়, ইসলামপুরে সরকারি মুক্তিযোদ্ধা তালিকার গেজেটভুক্ত ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ পায় কমিটি। গতকাল সোমবার তাঁদের যাচাই-বাছাই ছিল। তাঁদের পক্ষে-বিপক্ষে সাক্ষ্য নেওয়া হয়। সব কাগজপত্র ও সাক্ষ্য যাচাই-বাছাই শেষে ১৫ জন ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া যায়।
উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম বলেন, ওই ১৫ জন সত্যিকার অর্থে রাজাকার ছিলেন। যুদ্ধ শেষ হওয়ার কয়েক দিন আগে তাঁরা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেন। এরপর ভুয়া কাগজপত্র তৈরি করে মুক্তিযোদ্ধা বনে যান। এরপর দীর্ঘদিন ধরে তাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে সুযোগ-সুবিধা নিচ্ছিলেন। তাঁরা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, তা-ও বলতে পারেননি।
বাদ পড়া ব্যক্তিদের একজন বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদের প্রবল চাপের মুখে তাদের সঙ্গে কিছুদিন ছিলাম। পরে ১১ নম্বর সেক্টরের প্লাটুন কমান্ডার মাসুম ফারুকীর অধীনে বিভিন্ন স্থানে যুদ্ধ করেছি। যড়যন্ত্র করে আমাদের বাদ দেওয়া হচ্ছে।’
ইউএনও ও যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব এ বি এম এহসানুল হক বলেন, কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে ওই ১৫ জনের নাম বাদ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।