গেজেটের কার্যকারিতা স্থগিতের আবেদন আগামী সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর-১ আসনের সরকারদলীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের আসন শূন্যসংক্রান্ত গেজেটের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা প্রত্যাহারের আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব নুরুল ইসলাম খান প্রথম আলোকে এ তথ্য জানান। সূত্র জানায়, গেজেট স্থগিত করাসংক্রান্ত হাইকোর্টের আদেশের অনুলিপি গত বুধবার নির্বাচন কমিশনে পৌঁছেছে। এ নিয়ে কমিশন গত বৃহস্পতিবার তাদের আইনজীবী শাহ্দীন মালিকের সঙ্গে পরামর্শ করেছে। আগামী সপ্তাহেই কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানানো হবে। তবে প্রয়োজনে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশও চাওয়া হতে পারে। গেজেটের কার্যকারিতা স্থগিতসংক্রান্ত হাইকোর্টের আদেশ প্রত্যাহার বা আদেশের ওপর আপিল বিভাগ স্থগিতাদেশ দিলে বিধান অনুযায়ী মহীউদ্দীন খানের আসন শূন্যসংক্রান্ত গেজেট কার্যকর হয়ে যাবে। অর্থাৎ মহীউদ্দীন খানের সদস্যপদ পুনরায় বাতিল হয়ে যাবে। সে ক্ষেত্রে চাঁদপুর-১ আসনের নির্বাচনী তফসিল ঘোষণার ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকবে না। এত দিন হাইকোর্টের আদেশের অনুলিপি হাতে পায়নি বলেই কমিশনের পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। প্রসঙ্গত, গত ১৫ জুলাই সুপ্রিম কোর্টের রায়ে মহীউদ্দীন খান আলমগীরের নির্বাচনী মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। ফলে নির্বাচন কমিশন তাঁর আসনটি শূন্য ঘোষণা করে গত ২২ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে। এরপর মহীউদ্দীন খানের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর হাইকোর্ট সেই গেজেটের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন। এ কারণে আপাতত মহীউদ্দীন খানের সদস্যপদ বহাল রয়েছে।