অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন
গেজেটের ১২০ দিনের মধ্যে আবেদন নাহলে সম্পত্তি সরকারের দখলে যাবে
জেলা পর্যায়ে অর্পিত সম্পত্তির দাবি নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। গেজেট প্রকাশের পর জেলা কমিটি ও জেলা ট্রাইব্যুনালের কাছে আবেদন জমা পড়ছে। তবে যশোরসহ কয়েকটি জেলায় ট্রাইব্যুনালের কাজ শুরু হয়নি।ভূমি মন্ত্রণালয়ের সূত্র জানায়, গেজেট প্রকাশের ১২০ দিনের মধ্যে আবেদন না করলে অর্পিত সম্পত্তি সরকারি দখলে নিয়ে তা দীর্ঘস্থায়ী বন্দোবস্ত দেওয়া হবে। জানতে চাইলে ভূমিসচিব মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, এ সময়ের মধ্যে আবেদন না করলে ধরে নেওয়া হবে সংশ্লিষ্ট সম্পত্তির ওপর কারও দাবি নেই। তখন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।দাবি নিষ্পত্তি দ্রুততর করতে সরকার প্রতি জেলায় জেলা জজের সমন্বয়ে একটি করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের পাশাপাশি অতিরিক্ত জেলা জজের সমন্বয়ে আরও একটি করে ট্রাইব্যুনাল গঠন করেছে। গত মঙ্গলবার আইন মন্ত্রণালয় অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করে।ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, ‘ক’ তফসিলভুক্ত (ইজারা দেওয়া) অর্পিত সম্পত্তির সব তালিকার গেজেট জেলায় পাঠানো হয়েছে। ‘খ’ তফসিলভুক্ত (ইজারা না দেওয়া) সম্পত্তির গেজেটও ২০টি জেলায় পাঠানো হয়েছে। এই জেলাগুলো হলো কক্সবাজার, পঞ্চগড়, ভোলা, জয়পুরহাট, শরীয়তপুর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, হবিগঞ্জ, মেহেরপুর, বরগুনা, ঠাকুরগাঁও, বাগেরহাট, খুলনা, মাদারীপুর, চুয়াডাঙ্গা, নাটোর, পটুয়াখালী, লালমনিরহাট ও ঝালকাঠি। এ ছাড়া মুদ্রিত হয়েছে আরও ১১টি জেলার অর্পিত সম্পত্তির তালিকা। অর্পিত সম্পত্তি নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি জানালে দাবির সমর্থনে কাগজপত্র ও প্রমাণাদিসহ ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তির বিষয়ে জেলা জজের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনালে এবং ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নেতৃত্বে গঠিত জেলা কমিটি বা ট্রাইব্যুনালে আবেদন করতে হবে।খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকটি জেলায় আবেদন জমা পড়ছে। কোথাও কোথাও আবেদনের জন্য কাগজপত্র সংগ্রহ করছেন দাবিদারেরা। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিক সাঈদ মাহবুব প্রথম আলোকে বলেন, ‘এখনো আবেদন পাইনি। তবে অনেকে সম্পত্তির বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। কাগজপত্র সংগ্রহ করছেন।ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, তাঁদের জানামতে ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির জন্য মানুষ বেশি আবেদন করছেন। কারণ বিভিন্ন ব্যক্তির দখলে থাকা এই সম্পত্তি নিয়েই বেশি আপত্তি। ‘ক’ তফসিলভুক্ত জমি সরকারের দখলে থাকায় এ নিয়ে আপত্তি তুলনামূলকভাবে কম। তিনি বলেন, জেলা কমিটির সিদ্ধান্ত কেউ না মানলে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত না মানলে ভূমি আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন।ভূমি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সারা দেশে ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি আছে এক লাখ ৮৯ হাজার ৬৬২ দশমিক ৯৩ একর। ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তি আছে চার লাখ ৭০ হাজার ৫৫৮ একরের কিছু বেশি। বিভিন্ন ব্যক্তির দখলে থাকা ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তি নিয়ে সমস্যা বেশি।ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব নাগরিক এ দেশ থেকে ভারতে চলে যান তাঁদের স্থাবর সম্পত্তিই অর্পিত সম্পত্তি।