গেটম্যান ও লৌহদণ্ডহীন ১২৬ লেভেল ক্রসিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাবধান! এই গেটের কোনো গেটম্যান নাই। পথচারী ও সকল প্রকার যানবাহনের চালক নিজ দায়িত্বে পারাপার করিবেন এবং যে কোনোরূপ দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দিতে নিজেই বাধ্য থাকিবেন।’ এমন সতর্কতাসংবলিত বিজ্ঞপ্তি জামালপুর রেলপথের ১২৬টি লেভেল ক্রসিংয়ে টানানো রয়েছে।লেভেল ক্রসিংগুলোতে কোনো লৌহদণ্ড বা গেট-ব্যারিয়ার নেই। নেই কোনো গেটম্যান। তাই জানমাল রক্ষায় রেলওয়ে কর্তৃপক্ষ ওই বিজ্ঞপ্তি টানিয়ে রেখেছে। রেলওয়ে পুলিশ, লেভেল ক্রসিং এলাকার লোকজন ও রেলওয়ের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, গত এক বছরে ঝুঁকিপূর্ণ এসব লেভেল ক্রসিংয়ে শতাধিক দুর্ঘটনা ঘটেছে। জনস্বার্থে এসব স্থানে তাই লৌহদণ্ড বসানো ও গেটম্যান নিয়োগের দাবি উঠেছে।রেলওয়ের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, জামালপুর সেকশনের অধীনে দুটি পথে ১০১ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে ৬৬ কিলোমিটার দীর্ঘ বিদ্যাগঞ্জ-জামালপুর-তারাকান্দি এবং ৩৫ কিলোমিটার দীর্ঘ জামালপুর-বাহাদুরাবাদ ঘাট রেলপথ। এ দুটি রেলপথের বিভিন্ন সড়কে লেভেল ক্রসিং রয়েছে ১৩৭টি। এর মধ্যে ১১টিতে লৌহদণ্ড থাকলেও কোনোটি বিকল, আবার কোনোটিতে গেটম্যান নেই।জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘রেলওয়ের আইন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। ফলে বড় ধরনের দুর্ঘটনা ছাড়া দুর্ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায় না। বড় দুর্ঘটনা ঘটলে মামলা দায়ের করে আলামত জব্দ এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিই।’জামালপুর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম লেভেল ক্রসিং দুটি রেলস্টেশনের কাছে গেটপাড় এলাকায় অবস্থিত। এখানকার লৌহদণ্ডগুলো প্রায় এক বছর ধরে বিকল। তিনজন গেটম্যান থাকার কথা এখানে। আছেন মাত্র একজন। তিনি একপাশে বাঁশ ফেলে অন্য পাশে লাল পতাকা উড়িয়ে, বাঁশি ফুঁ দিয়ে ট্রেন পার করে দেন।শহরের চন্দ্রা ঘুণ্টিঘর লেভেল ক্রসিংয়ে লৌহদণ্ড ও গেটম্যান কোনোটিই নেই। ব্যস্ততম জামালপুর-দেওয়ানগঞ্জ সড়ক অতিক্রম করা এই লেভেল ক্রসিংটি বেশ ঝুঁকিপূর্ণ। স্থানীয় মুদি দোকানি মোফাজ্জল হোসেন জানান, কয়েক মাস আগে এখানে একটি টেম্পো ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে খাদে পড়ে। আরেকবার চালবোঝাই একটি ট্রাক লাইনের ওপর আটকা পড়ে। তখন এলাকার লোকজন লাল কাপড় উড়িয়ে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটিকে থামায়।জামালপুর-ময়মনসিংহ রেলপথের বিদ্যাগঞ্জ বংশীপুর লেভেল ক্রসিংয়ে গত ২০ জানুয়ারি মালবোঝাই একটি ট্রাক লোকাল ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে রেললাইনের ওপরই পড়ে থাকে। এতে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বিঘ্নিত হয়।জামালপুর-শেরপুর সড়কের বন্দেরবাড়ি লেভেল ক্রসিং, জামালপুর-মাদারগঞ্জ সড়কের শেখেরভিটা লেভেল ক্রসিং, লাঙ্গলজোড়া লেভেল ক্রসিং, পশ্চিম ফুলবাড়িয়ার লেভেল ক্রসিংসহ আরও কয়েকটি লেভেল ক্রসিং ঘুরে প্রায় একই চিত্র পাওয়া গেছে।বিদ্যাগঞ্জ-জামালপুর-তারাকান্দি রেলপথ বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পূর্ত) আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গেট-ব্যারিয়ার ও গেটম্যান না থাকায় সব সময় ঝুঁকির মধ্যে ট্রেন চলাচল করছে। মানুষ ও যানবাহন বাড়ছে। ফলে লেভেল ক্রসিংগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসব বিষয়ে প্রতিবেদন পাঠিয়েছি।’