গেটম্যান নেই ১২৮ লেভেল ক্রসিংয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ওপর দিয়ে বঙ্গবন্ধু সেতু, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে যাওয়া চারটি রেললাইনের ১২৮টি লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই। মাঝেমধ্যেই এসব ক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। অরক্ষিত এসব ক্রসিংয়ে রেল কর্তৃপক্ষ শুধু সাইনবোর্ড টাঙিয়ে দায় সেরেছে।

সাইনবোর্ডে লেখা, ‘সাবধান, এ লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই। পথচারী ও সকল ধরনের যানবাহনের চালক নিজ দায়িত্বে পারাপার করবেন। আর যেকোনো দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দিতে নিজেই বাধ্য থাকিবেন।’ রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, গাজীপুরে গত তিন-চার বছরে রেললাইনের ওপর দিয়ে অনেক রাস্তা হয়েছে। এ জন্য রেল কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। রেলওয়ের জনবল ও বাজেট না থাকায় এসব লেভেল ক্রসিংয়ে শুধু সাইনবোর্ড টাঙানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, জয়দেবপুর থেকে বঙ্গবন্ধু বহুমুখী সেতু পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার রেললাইনের মধ্যে লেভেল ক্রসিং রয়েছে ৮১টি। এর মধ্যে প্রথম দিকে ১৭টি ক্রসিংয়ে গেটম্যান দেওয়া হয়। ২০০৯ সালে টাঙ্গাইলে কয়েকটি বড় রেল দুর্ঘটনা ঘটার পর সেখানকার জেলা প্রশাসকের উদ্যোগে আরও পাঁচটি ক্রসিংয়ে গেটম্যান দেওয়া হয়। বাকি ৫৯টি লেভেল ক্রসিং সম্পূর্ণ অরক্ষিত। তবে কালিয়াকৈর হাইটেক পার্কসহ আশপাশের তিনটি ক্রসিংয়ে গেটম্যান দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ছাড়া টঙ্গী-ময়মনসিংহ রেললাইনে গাজীপুরের জয়দেবপুর জংশন থেকে শ্রীপুর পর্যন্ত ৩৪টি অবৈধ লেভেল ক্রসিং আছে। টঙ্গী-সিলেট-চট্টগ্রাম রেললাইনে গাজীপুরের টঙ্গী জংশন কালীগঞ্জ পর্যন্ত ৩৫টি অবৈধ ক্রসিং আছে।

সরেজমিনে দেখা গেছে, গাজীপুরের টঙ্গীর বাস্তুহারা এরশাদনগর এলাকায় দুটি লেভেল ক্রসিং আছে। দুই জায়গাতেই রেললাইনের ওপর দোকানপাট বসানো হয়েছে। ট্রেন এলেই ব্যবসায়ীরা সরে যান। হায়দরাবাদ এলাকায় একটি ক্রসিংয়ে স্থানীয় লোকজন বাঁশ দিয়ে গেট ব্যারিয়ার তৈরি করেছেন। ট্রেন এলে স্থানীয় লোকজন বাঁশ নামিয়ে রাস্তা বন্ধ করে দেন। একই অবস্থা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায়। রেললাইনকে কেন্দ্র করে দুপাশেই গড়ে উঠেছে অস্থায়ী বাজার। বাজারকে কেন্দ্র করে রেললাইনের দুপাশে সব সময় মানুষের ভিড় থাকে। বরাব এলাকায় ক্রসিংয়ে বিভিন্ন সময় ১৫-১৬টি দুর্ঘটনায় কমপক্ষে ১২ জনের প্রাণহানি হয়।

এলাকার ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আকন্দ বলেন, সাকাশ্বর-কোনাবাড়ী সড়কের বরাব এলাকার লেভেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ওই স্থানে বিভিন্ন সময় ট্রেনে কাটা পড়ে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। ওই স্থানে গেট ব্যারিয়ার নির্মাণ ও গেটম্যান দেওয়ার জন্য গাজীপুর রেলওয়ে কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সম্প্রতি কালিয়াকৈরের ধূপাচালা এলাকায় লেভেল ক্রসিংয়ে কাভার্ড ভ্যান ও ট্রেনের সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহযোগী নিহত হন। এর আগেও সেখানে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। পরে মৌচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লোকমান হোসেন নিজ দায়িত্বে বাঁশ দিয়ে গেট ব্যারিয়ার তৈরি করে দুজন লোক নিয়োগ দিয়েছেন। তাঁরা পালা করে গেটম্যানের দায়িত্ব পালন করছেন।

টঙ্গী জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, হঠাৎ করেই রেললাইনের ওপর দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। এ জন্য অনুমতিও নেওয়া হচ্ছে না। আবার এলাকার মানুষের কথা চিন্তা করে ওই সব রাস্তা বন্ধও করা যায় না। তিনি বলেন, টঙ্গী-সিলেট-চট্টগ্রাম রেললাইনে ২০টি ক্রসিংয়ে গেটম্যান দেওয়ার প্রস্তাব আছে। সেগুলো হলে দুর্ঘটনা অনেক কমে যাবে।

জয়দেবপুর রেল জংশনের স্টেশনমাস্টার সাইদুল ইসলাম বলেন, গাজীপুরে নতুন নতুন রাস্তাঘাট হয়েছে। এর মধ্যে অনেক রাস্তা রেললাইন ক্রস করে তৈরি করা হয়েছে। এসব ক্রসিং দিয়ে গাড়ি বা মানুষ যাতায়াতের সময় সাবধানতা অবলম্বন না করায় যখন-তখন দুর্ঘটনা ঘটছে।

গাজীপুর রেললাইনের সহকারী নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, গাজীপুরের ওপর দিয়ে যাওয়া তিনটি রেললাইনে ২৮টি ক্রসিংয়ে গেটম্যান দেওয়ার প্রস্তাব আছে। বাকিগুলো পর্যায়ক্রমে করা হবে।