চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের গেটম্যানরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। পশ্চিমাঞ্চল রেলওয়ে গেটম্যান অ্যাসোসিয়েশনের ব্যানারে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজশাহী শহরের রেল ভবনের সামনে এই মানববন্ধন করা হয়। পরে তাঁরা রেলওয়ে ভবন চত্বরে সমাবেশ করেন।সমাবেশে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে নিযুক্ত তিন শতাধিক অস্থায়ী গেটম্যানের বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। শিগগিরই দাবি আদায় না হলে তাঁরা কঠোর আন্দোলনেরও হুমকি দেন। সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে অস্থায়ী গেটম্যানরা প্রায় পাঁচ বছর ধরে প্রতিদিন ৮০ টাকা হিসেবে মাসে দুই হাজার ৪০০ টাকা বেতনে চাকরি করে আসছেন। বর্তমান দুর্মূল্যের বাজারে এই বেতনে তাঁদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। মানববন্ধন ও সমাবেশে রাজশাহী, রংপুর ও যশোর অঞ্চলের শতাধিক অস্থায়ী গেটম্যান অংশ নেন। সমবেশে বক্তব্য দেন পশ্চিমাঞ্চল রেলওয়ে গেটম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি রিপন ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, রাজশাহী জেলা সভাপতি সাইফুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগের নেতা ওয়ালী খান, আমিরুল ইসলাম প্রমুখ। রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় ২০০৩ সাল থেকে তিন শতাধিক গেটম্যান দৈনিক মজুরির ভিত্তিতে চাকরি করে আসছেন।