পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কে গেটলক সার্ভিসের নামে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। সাধারণ বাসের তুলনায় দ্রুত গন্তব্যে পৌঁছানো, সময় নিয়ন্ত্রণ, আসনের চেয়ে বেশি যাত্রী না ওঠানো এবং নির্ধারিত স্থানে যাত্রাবিরতির প্রতিশ্রুতি দিলেও বেশির ভাগ সময়ই ন্যূনতম যাত্রীসেবা মিলছে না গেটলক সার্ভিসে।
গেটলক সার্ভিসে নিয়মিত যাতায়াতকারী শাহরিয়ার রহমান অভিযোগ করেন, গেটলক সার্ভিসের নামে বাসমালিকেরা আসলে যাত্রীদের সঙ্গে প্রতারণা করছেন। বেশি ভাড়া নেওয়ার জন্য তাঁরা আলাদা সেবার কথা বলছেন, কিন্তু তাঁরাই তা মানছেন না।
চাকরিজীবী জাহানারা বেগম বলেন, ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে পৌঁছাতে গেটলক বাসের এক ঘণ্টা ১০ মিনিটের কথা বলা হলেও দেড় থেকে পৌনে দুই ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়। লোকাল বাসের মতো যেখানে-সেখানে থামিয়ে যাত্রী তোলা হয়।
ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতি সূত্রে জানা গেছে, পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর ৯৮ কিলোমিটার সড়কে ২৫টি বাস গেটলক সার্ভিস নামে চলাচল করে। বাসের ছাদের চারপাশে চারটি সাদা পতাকা টাঙানো থাকার কারণে এগুলো অনেকের কাছে সাদা পতাকার গেটলক নামেও পরিচিত।
বাসমালিকেরা জানান, প্রতিদিন সকাল সাতটা থেকে ২৫ মিনিট পর পর পঞ্চগড় বাস টার্মিনাল ও দিনজপুর বাস টার্মিনাল থেকে বাসগুলোর যাত্রা শুরু হয়। পঞ্চগড় থেকে বাস ছাড়ার পর বোদা উপজেলার ময়দানদীঘি ও বোদা, ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা ও খোঁচাবাড়ীতে যাত্রাবিরতি করে। এরপর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট, বীরগঞ্জ, দশমাইল ও বাঁশেরহাটে অল্প সময়ের জন্য যাত্রাবিরতি দিয়ে সরাসরি চলে যাওয়ার কথা দিনাজপুর বাস টার্মিনালে। এসব বাস পঞ্চগড় থেকে দিনাজপুরে পৌঁছাতে দুই ঘণ্টা ১০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ পথে চলাচলকারী গেটলক বাসে মালিকদের দেওয়া প্রতিশ্রুতি সকালের দিকে কিছুটা মানলেও দুপুর থেকে মানা হয় না। এসব বাসে নির্ধারিত আসনের চেয়ে দুই থেকে তিন গুণ অতিরিক্ত যাত্রী গাদাগাদি করে ওঠানো হয়। যাত্রাপথের নির্ধারিত স্থানের বাইরেও ইচ্ছেমতো যাত্রী ওঠানো-নামানো হয়।
বাসের সুপারভাইজার আবদুর রহমান বলেন, ‘মালিকেরা আমাদের জমা টাকার পরিমাণ বেঁধে দেওয়ায় বেশি যাত্রী ওঠাতে হয়। আর সে লক্ষ্যেই মাঝেমধ্যে যেখানে-সেখানে বাস থামাতে হয়।’ ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সভাপতি রামবাবু বলেন, যেখানে-সেখানে যাত্রাবিরতি দিলে বাসমালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে দেওয়া হয়েছে।