
সিলেটের স্কুলছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া গেদা মিয়ার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার বেলা ১১টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীদের মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ ব্যক্তিরা গেদার প্রতিকৃতি তৈরি করে রাস্তায় ফেলে আগুন দেন।
এ ঘটনায় জেলা ওলামা লীগের আরেক নেতা ও আরেক ব্যক্তির সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অপহরণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি ওলামা লীগের নেতা এন ইসলাম তালুকদার ওরফে রাকীব আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনার বর্ণনা দেন। জবানবন্দিতে ‘একটা খানি আছে...(অপহরণ করে টাকা হাতিয়ে নেওয়া)’ বলে গেদা মিয়া অপহরণকাজে সবাইকে জোটবদ্ধ করেছিলেন বলে উল্লেখ করেন। গতকাল প্রথম আলোয় এ নিয়ে একটি প্রতিবেদন পড়ে বিক্ষুব্ধ এলাকাবাসী এভাবেই ক্ষোভ প্রকাশ করেন।
সিলেট নগরের হাজী শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে গত বুধবার অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়। চার দিনের মাথায় গত শনিবার রাতে নগরের কুমারপাড়া এলাকায় মহানগর পুলিশের কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এবাদুরসহ তাঁর দুই সহযোগী এন ইসলাম তালুকদার ও গেদা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ কনস্টেবল এবাদুর গ্রেপ্তারের পরদিন গত রোববার আদালতে জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেন। পরদিন সোমবার রাকীবও অপহরণ ও হত্যায় জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। গেদা মিয়াকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুজনের জবানবন্দিতে ঘটনার সঙ্গে মুহিবুল ইসলাম ওরফে মাসুম নামে জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক পদে থাকা একজন ও অজ্ঞাত আরেকজনের নাম প্রকাশ পাওয়ায় এ দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ধরা না পড়া আসামিদের দ্রুত গ্রেপ্তার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল ‘বৃহত্তর রায়নগর এলাকাবাসী’র ব্যানারে মানববন্ধন হয়। বেলা ১১টার দিকে মানববন্ধনে সবুজ সংঘ সোনতুলা এলাকাবাসী, ঝরণা তরুণ সংঘ, বসুন্ধরা সমাজকল্যাণ সংস্থা, মোহনা সাংস্কৃতিক সংঘ, সুনামগঞ্জ সমিতি, মিতালী আবাসিক এলাকা, এভারগ্রিন সমাজকল্যাণ সংস্থা, শাহী ঈদগাহ ব্যবসায়ী সমিতি, রোটারেক্ট ক্লাব অব এমসি কলেজসহ নগরের বিভিন্ন মহল্লাভিত্তিক আরও ১০টি সংগঠনের সদস্যরা অংশ নেন। একাত্ম হয় নিহত স্কুলছাত্র আবু সাঈদের শিক্ষাপ্রতিষ্ঠান হাজী শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ রায়নগর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।
প্রায় আধা ঘণ্টা মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা এ ধরনের বর্বর ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত বিচার ও আত্মস্বীকৃত খুনিদের ফাঁসি দেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, ‘আবু সাঈদের হত্যাকারীরা তাদের কৃতকর্ম স্বীকার করে নিয়েছে। এখন আমরা বিচার দ্রুত ও ফাঁসি দাবি করছি। হত্যাকারীদের ফাঁসি হলে আর কোনো নিষ্পাপ স্কুলছাত্রকে অপহরণ করার সাহস পাবে না অপহরণকারীরা। আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, কোনো স্কুলছাত্র যেন পুলিশের হাতে অপহরণ না হয়—সে জন্য ফাঁসি চাই।’
ঝরণা তরুণ সংঘের সভাপতি সাজুওয়ান আহমদের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের উপদেষ্টা জাকারিয়া মালিক চৌধুরী, হাজী শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজমুল ইসলাম, এভারগ্রিন সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা তারেক আহমদ খান, অনুশীলন একাডেমির পরিচালক শিব্বির তালুকদার প্রমুখ বক্তব্য দেন।