গেন্ডারিয়ায় ছয় ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গেন্ডারিয়া থানার মিলব্যারাক সিএসডি ঘাটে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, এই ছয়জন আন্তজেলা ডাকাত দলের সদস্য। পুলিশ তাঁদের ব্যবহূত একটি স্পিডবোট, তালা ভাঙার কার্টার, চাপাতি, শাবল, লোহার রড ইত্যাদি উদ্ধার করেছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। আজ শুক্রবার দুপুরে মিন্টো রোডে ডিএমপির তথ্যকেন্দ্রে সংবাদ সম্মেলনে পুলিশের উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন মাদারীপুরের নুরুল ইসলাম তালুকদার, সিদ্দিক সর্দার ওরফে খোকন, মো. সোহাগ, শরীয়তপুরের মো. ইসমাইল হোসেন মাসুদ, মো. জলিল মোল্লা ও  বরগুনার আশরাফ ওরফে আসাদ।

মাসুদুর রহমান আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নদীর আশপাশের এলাকায় স্বর্ণের দোকান, নদীপথে যাতায়াতকারী ব্যবসায়ী ও নদীর তীরবর্তী বসতবাড়িতে ডাকাতি করে থাকেন। বিভিন্ন জেলায় তাঁদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলেও জানান তিনি।

আটক নুরুল ইসলাম ২০০৮ সালে ঢাকার উত্তর খান এলাকায় এক আনসার সদস্য হত্যা মামলার আসামি বলে জানান তিনি।