গেন্ডারিয়ার দীননাথ সেন রোডের পচা পানি অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার গেন্ডারিয়ার দীননাথ সেন রোডের পচা পানি অপসারণ করেছে ওয়াসা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন পথচারীরা। মহল্লার বাসিন্দারাও অনেক খুশি।
এই সড়কসংলগ্ন নালায় আবর্জনা ও পলিথিন জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। গত শুক্রবার ‘গেন্ডারিয়ার দীননাথ সেন রোডে ১৫ দিন ধরে জলাবদ্ধতা’ শিরোনামে প্রথম আলোতে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রথম আলোতে এই প্রতিবেদন প্রকাশের পর ওই দিনই সড়ক থেকে পচা পানি অপসারণ করা হয়। এতে মহল্লাবাসীর দুর্ভোগ কমেছে। এই এলাকাটি ডিএসসিসির অঞ্চল-৫-এর ৪৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
এই ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ওই রোডে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পরপরই ওয়াসাকে জানানো হয়েছে। কিন্তু তারা তেমন সাড়া দেয়নি। প্রথম আলোতে প্রতিবেদন ছাপানোর পর তাদের টনক নড়ে। পরে ওই দিনই ওয়াসা ও ডিএসসিসির কর্মীদের দিয়ে এই জলাবদ্ধতা নিরসন করা হয়।
গেন্ডারিয়ার ঐতিহ্যবাহী সাধনা ঔষধালয় লিমিটেডের পশ্চিমের সড়কটির নাম দীননাথ সেন রোড। গতকাল রোববার এই রোডে কোনো জলাবদ্ধতা দেখা যায়নি। পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন। তবে সড়কসংলগ্ন নালায় কয়েক স্তর কালো ময়লা জমে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
দীননাথ সেন রোডের স্থানীয় বাসিন্দা আশরাফুল আলম বলেন, দীর্ঘদিন ধরে সড়কের ময়লা পানি মাড়িয়ে চলাচল করায় মহল্লার অনেকে পেটের পীড়া ও চর্মরোগে ভুগছে। এর মধ্যে শিশু-কিশোর ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। এখন জলাবদ্ধতা নিরসন হওয়ায় মহল্লার সবাই খুশি।