গেন্ডারিয়ার বাগিচায় পানি নেই চার দিন
কল (ট্যাপ) খুললে পানি আসছে না। গোসল বন্ধ। কোনোরকমে হাত-পা ধোয়া, গৃহস্থালির কাজ—সবই চলছে বাইরে থেকে আনা পানি দিয়ে। অনেককে পানি কিনতে হচ্ছে। পুরান ঢাকার গেন্ডারিয়ার বাগিচা, অক্ষয় দাস রোডসহ কিছু এলাকার বাসাবাড়ির বাসিন্দাদের এ অবস্থায় পড়তে হয়েছে। স্থানীয় গভীর নলকূপে সমস্যা দেখা দেওয়ায় এসব এলাকায় পানির কষ্ট চলছে। বাসিন্দারা দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করছে।
বাগিচা এলাকার ১৬ নম্বর থেকে ১৭/১ নম্বর হোল্ডিংয়ে ২৫টির মতো বাড়ি। এসব বাড়িতে বসবাস করে শতাধিক পরিবার। পানি না থাকায় পরিবারের সদস্যরা চরম ভোগান্তিতে রয়েছে। গত মঙ্গলবার কাঠ ব্যবসায়ী স্থানীয় মো. আসলাম প্রথম আলোকে বলেন, আগে দীননাথ সেন এলাকার পাম্প অথবা স্থানীয় কচিকাঁচা সংসদ এলাকা থেকে পানি সংগ্রহ করতেন। কিন্তু গত চার দিন তা সম্ভব হচ্ছে না। তিনি দুঃখ করে বলেন, ‘মাছ ধুতে বেশি পানি লাগে, তাই মাছ খাওয়া বন্ধ। ডিম ধুতে হয় না, গত তিন দিন ডিম ভাজি দিয়েই চলছে।’
এলাকার আরেক বাসিন্দা নজিবুর রহমান ক্ষোভ জানিয়ে বলেন, এলাকায় মাসের পর মাস গ্যাস ছিল না। ওই সমস্যা কিছুটা কমতে না কমতেই শুরু হয়েছে পানির সমস্যা। এ সমস্যা কত দিন চলবে কে জানে। এখন পানি আনতে হচ্ছে রিকশা বা ভ্যানে করে দূরের অন্য এলাকা থেকে। টাকা খরচ করতে হচ্ছে। আবার পানির বিলও দিতে হবে।
অক্ষয় দাস লেনের বাসিন্দা আকিল আহমদ গতকাল বুধবার বলেন, কলে পানি না থাকায় গত তিন দিন গোসল করা সম্ভব হয়নি। গতকাল সকালে তিনি ও তাঁর দুই প্রতিবেশী ধূপখোলা পাম্পে পানি সংগ্রহ করতে গিয়েছিলেন। কিন্তু পানি পাননি। পরে অন্য জায়গা থেকে জারকিনে পানি কিনে এনেছেন।
লোহার পুল, সতীশ সরকার রোড, রজনী বোস লেন ও আশপাশের এলাকায় কিছু বাড়িতেও পানির সমস্যা।
গেন্ডারিয়া এলাকাটি ঢাকা ওয়াসার অঞ্চল-১-এর অধীনে। যোগাযোগ করা হলে ওই অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রিয়াজউদ্দিন প্রথম আলোকে বলেন, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠে ওয়াসার পানির পাম্পটিতে সমস্যা ছিল। বিশেষ করে পানি উত্তোলনে সমস্যা হচ্ছিল। সেটি মেরামত করা হয়েছে। আশা করা যায়, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।