গেন্ডারিয়ার সীমান্ত গ্রন্থাগার ও খেলাঘর আসরের পুনর্মিলনী
পুরান ঢাকার গেন্ডারিয়ার ঐতিহ্যবাহী সীমান্ত গ্রন্থাগার ও সীমান্ত খেলাঘর আসরের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয় গতকাল। উৎসব উপলক্ষে শিশু-কিশোর, তরুণ-তরুণী ও প্রতিষ্ঠান দুটির নবীন-প্রবীণদের অংশগ্রহণে খেলাঘর প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়।
গতকাল বিকেল চারটায় সীমান্ত খেলাঘর প্রাঙ্গণে এই পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রতিষ্ঠান দুটির সংস্কার করা দুটি স্থাপনার উদ্বোধন ও ‘নব আনন্দে জাগো’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহারা-সীমান্ত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, আগে পাড়া-মহল্লায় সকাল-বিকেল হারমোনিয়ামের বাজনা শুনতে পেতাম। সংস্কৃতিচর্চা করত শিশু-কিশোরেরা। কিন্তু আজ টেলিভিশনে সিরিয়ালের কারণে তা আর পাওয়া যায় না। বাবা-মায়েরাও সন্তানদের পর্যন্ত সময় দেন না।
দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার বলেন, সাংস্কৃতিক আন্দোলন ও শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে ঐতিহ্যবাহী সংগঠন সীমান্ত গ্রন্থাগার প্রতিষ্ঠার ৬৫ ও সীমান্ত খেলাঘর আসর ৪৫ বছর অতিক্রম করেছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে গ্রন্থাগারের বই পড়তে হবে৷
সীমান্ত গ্রন্থাগারের সভাপতি মোরশেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রাবন্ধিক ও গবেষক হায়াৎ মামুদ, কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসন মাহফুজা খানম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, সীমান্ত খেলাঘর আসরের সভাপতি কাজী সুলতান আহমেদ ও উৎসবের আহ্বায়ক মানজার চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।