গেন্ডারিয়ায় গ্যাস থাকছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত না আসতেই পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় এস কে দাস রোড, কাঠেরপুল, বাগিচা, রজনী চৌধুরী লেন, শশীভূষণ চ্যাটার্জি রোডসহ আশপাশের এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এসব এলাকায় দিনের বেশির ভাগ সময় চুলায় আঁচ থাকছে না। বাসাবাড়িতে রান্নার কাজ হচ্ছে রাতের বেলায়। এলাকাবাসীর আশঙ্কা, এবার শীতে তাঁদের আরও বেশি ভোগান্তি হবে।
গত বছরও গেন্ডারিয়ার এসব এলাকার বাসিন্দারা পুরো শীত কাটিয়েছেন গ্যাস সমস্যা নিয়ে।
এস কে দাস রোডের বাসিন্দা একটি বেসরকারি সংস্থায় কর্মরত জয়দীপ চৌধুরী ক্ষোভ জানিয়ে গতকাল শুক্রবার এই প্রতিবেদককে বলেন, খুব সকালে গ্যাস চলে যায়, আসে বিকেলে। আগের রাতে করা রান্না ফ্রিজে রেখে পরদিন খেতে হয়। গত বছরের মতো এ বছরও তাঁদের গ্যাস সমস্যা নিয়ে চলতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জয়দীপ ছাড়াও এলাকার অন্তত পাঁচজন বাসিন্দা একই আশঙ্কার কথা জানিয়ে বলেন, বছরের পর বছর এলাকায় এই অবস্থা চলছে। অথচ গ্যাসের দাম দিন দিন বাড়ছে। সামনে গ্যাস বিল প্রায় দ্বিগুণ হবে বলেও তাঁরা শুনেছেন। অথচ চুলায় গ্যাস থাকে না।
গ্যাসের কষ্ট রজনী চৌধুরী লেন, শশীভূষণ চ্যাটার্জি রোডসহ আশপাশের এলাকায়ও। কোনো কোনো এলাকায় সকাল সাতটা থেকে আট-নয় ঘণ্টা চুলায় আঁচ প্রায় থাকছেই না। রজনী চৌধুরী লেনে একটি মোবাইল ফোনের দোকানি আবদুল্লাহ, এস কে দাস রোডের আবদুল কুদ্দুস, কাঠেরপুলের জসিমউদ্দিনের বক্তব্য একই—এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা দূর করতে টানা কয়েক দিন গ্যাস সরবরাহ বন্ধ রেখে পাইপলাইন সংস্কার করা হয়েছিল। তার ফল এ বছরও পাওয়া যাচ্ছে না।
শশীভূষণ চ্যাটার্জি রোডে একটি ভাতের হোটেলের কর্মচারী গফুর আলী বলেন, চুলায় ভালো আঁচ আসে বেলা তিনটার পর। হোটেলে রান্না হচ্ছে সিলিন্ডারে। এ কারণে তাঁদের খরচ বেশি হচ্ছে, তাই খাবারের দামও নিতে হচ্ছে বাড়তি।
তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, পুরান ঢাকার বিভিন্ন গলির প্রান্তসীমার বাড়িগুলোতে (পকেট এলাকায়) সরু পাইপের কারণে গ্যাসের স্বল্পচাপ থাকছে। গেন্ডারিয়াসহ পুরান ঢাকার বিভিন্ন স্থান থেকে নিয়মিত অভিযোগ আসছে। পাইপলাইনে সমস্যা হলে তাদের টিম কাজ করছে। কর্তব্যরত কর্মকর্তা বলেন, ঢাকায় চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায়ও এসব এলাকায় গ্যাসের সমস্যা থাকছে।