গেন্ডারিয়ায় গ্যাস থাকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেন্ডারিয়া ও আশপাশের এলাকায় দিনের বেশির ভাগ সময় চুলায় গ্যাসের চাপ থাকে না। পাঁচ দিন ধরে পানির সংকটও তীব্র। গত বুধবার কিছু এলাকায় পানি এলেও তা ছিল ঘোলা ও গন্ধময়। গ্যাসের চাপ না থাকায় পানি ফোটাতে গিয়ে দীর্ঘ সময় লেগেছে।
এদিন দুপুর ১২টার দিকে এলাকায় গিয়ে এ তথ্য পাওয়া যায়। গেন্ডারিয়ার ১৭/১ নম্বর আনন্দবাগিচার মালিক আবদুল হাকিম প্রথম আলোকে জানান, পাঁচ দিন ধরে পানির কষ্টে রয়েছেন। এলাকায় পাম্প ঠিক করার পরও সমস্যা যায়নি। পানির কষ্টের সঙ্গে রয়েছে গ্যাসের সমস্যা। শীতের মধ্যে গ্যাস একেবারেই ছিল না। এখন সারা দিন থাকে না। পানি ও গ্যাস-সমস্যার জন্য তাঁর ভাড়াটেরা আপত্তি জানাচ্ছেন।
এলাকার বাসিন্দা ও কাঠের ব্যবসায়ী মো. আসলাম ক্ষোভের সঙ্গে বলেন, প্রচণ্ড গরমের মধ্যে দোকান বন্ধ করে দুপুরে ঘরে গিয়ে গোসল করার পানি পান না, গ্যাসের অভাবে সময়মতো রান্না না হওয়ায় ভাত খেতে পারেন না।
পানি ও গ্যাসের কষ্ট রজনী চৌধুরী লেন, শশীভূষণ চ্যাটার্জি রোডসহ আশপাশের এলাকাতেও। কোনো কোনো এলাকায় সকাল আটটা থেকে সাত-আট ঘণ্টা চুলা জ্বালানোই যাচ্ছে না। রজনী চৌধুরী লেনের মনিহারি দোকানের মালিক আবদুস সামাদ বলেন, এলাকায় গ্যাসের স্বল্প চাপের সমস্যা দূর করতে শীতের শুরুতে টানা চার দিন গ্যাস বন্ধ রাখা হয়েছিল। তার ফল শীতের সময় পাওয়া যায়নি। এখনো পাওয়া যাচ্ছে না।
দুপুর সাড়ে ১২টার দিকে শশীভূষণ চ্যাটার্জি রোডে একটি ভাতের হোটেলে বসে ছিলেন চার তরুণ। তাঁরা আলাপ করছিল গ্যাস-সমস্যা নিয়ে। তাঁদের বক্তব্য হচ্ছে, বাসায় গিয়ে দুপুরের খাবার খেতে হলে বিকেল গড়িয়ে যাবে। কারণ, চুলায় আঁচ আসে বেলা তিনটার পর। হোটেলে রান্না হচ্ছে সিলিন্ডারে। কর্মচারী রশিদ বললেন, সিলিন্ডারে রান্নার কারণে তাঁদের খরচ বেশি হচ্ছে, তাই খাবারের দামও বাড়তি নিতে হচ্ছে।
সতীশ সরকার লেনের বাসিন্দা হেলাল বলেন, শীতে ভোর পাঁচটার মধ্যে রান্না করতেন তাঁর স্ত্রী। এখন আটটার মধ্যে শেষ করতে হয়। কারণ, এরপর আর গ্যাস থাকে না।
তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, পুরান ঢাকার বিভিন্ন গলির প্রান্তসীমার বাড়িগুলোতে (পকেট এলাকায়) সরু পাইপের কারণে গ্যাসের স্বল্প চাপ থাকছে। তবে আগের বছরগুলোয় এপ্রিলে গ্যাস-সমস্যা এত বেশি হতো না।
তিতাসের স্থানীয় কর্মকর্তা বলেন, গেন্ডারিয়াসহ পুরান ঢাকার বিভিন্ন স্থান থেকে নিয়মিত অভিযোগ আসছে। তাঁদের দ্রুত কাজ করার উপায় নেই। তবে পাইপ ফেটে যাওয়াসহ অন্যান্য সমস্যা হলে তিতাস থেকে ব্যবস্থা নেওয়া হয়।