গেন্ডারিয়ায় রাজউকের পুকুর দখল

পুরান ঢাকার গেন্ডারিয়ার ‘ডিআইটি পুকুর’ নামে পরিচিত পুকুরটির চারপাশে মাটি ও আবর্জনা ফেলে ভরাট করে ফেলা হচ্ছে। এর পাড়ে অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট ও রিকশার গ্যারেজ।
এই পুকুরটির আয়তন প্রায় এক একর। মালিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ৩ ডিসেম্বর স্থানীয় বাসিন্দাদের পক্ষে মো. জুবায়ের পুকুরটি দখলমুক্ত ও সংস্কার করতে রাজউকের কাছে লিখিত আবেদন করেন। পুকুরটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৭ নম্বর ওয়ার্ডের এই ওয়ার্ডের কাউন্সিলর নাসির আহম্মদ ভূঁইয়া বলেন, ‘পুকুরে ময়লা না ফেলতে বলা হয়েছে। কিন্তু কেউ বাধা মানছে না। যার সম্পত্তি তাকেই রক্ষা করতে হবে।’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক যুগের বেশি সময় ধরে পুকুরের চারপাশে আবর্জনা ফেলে ভরাট শুরু করেন কয়েকজন প্রভাবশালী। ভরাট করা অংশে দোকান বসানো হয়। দিনে দিনে এসব দোকানের সংখ্যা বাড়ছে। পুকুরের পানিও দূষিত হয়েছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন ডিআইটি পুকুরের চারপাশে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। মাটি ফেলে ভরাট করে বিভিন্ন স্থানে গড়ে উঠেছে আসবাবপত্র, ডেকোরেটর ও চা-বিস্কুটের প্রায় ২০টি দোকান। উত্তর-পশ্চিম পাশে প্রায় ৫ শতাংশ জমিতে মাটি ফেলে গড়ে উঠেছে রিকশার গ্যারেজ। এর পাশেই আছে বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সূত্রাপুর থানা কার্যালয়। তবে কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি। এ ছাড়া পুকুরের পশ্চিম ও উত্তর পাড়ে থাকা দুটি ঘাটে ময়লা-আবর্জনায় স্তূপ হয়ে আছে। পুরো পুকুর কচুরিপানায় ভরা।
স্থানীয় বাসিন্দা মোসলেম আলী বলেন, বছর দশেক আগেও মহল্লার মানুষ এই পুকুরে গোসল ও রান্নাবান্নায় এর পানি ব্যবহার করতেন। কিন্তু পুকুরে ময়লা-আবর্জনা ফেলায় পানি নষ্ট হয়ে গেছে। সংস্কার না করায় ভরে গেছে কচুরিপানায়।
রিকশার গ্যারেজের মালিক জসিম হাওলাদার বলেন, ‘প্রায় নয় মাস আগে জুয়েল নামে এক লোকের কাছ থেকে জমিটি ভাড়া নিছি। প্রতি মাসে তাকে আট হাজার টাকা ভাড়া দিতে হয়।’ জুয়েলের বিস্তারিত পরিচয় তিনি দেননি।
পুকুরটির বিষয়ে জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমি পুকুরটি পরিদর্শন করেছি। এর সংস্কারের জন্য প্রায় এক কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’ তিনি বলেন, পুকুরের চারপাশে মানুষের হাঁটার পথ নির্মাণ করা হবে। অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে। এ ছাড়া পুকুরের ময়লা-আবর্জনা পরিষ্কার করে স্বচ্ছ পানির ব্যবস্থা করা হবে। এলাকার মানুষ আবার পুকুরে গোসল করতে পারবেন।