মো. রাসেল উদ্দিন কদম মোবারক এতিমখানায় থাকে। বিশ্বকাপ উপলক্ষে প্রথম আলো-পেপসির যৌথ উদ্যোগে আয়োজিত চেঞ্জ দ্য গেম রোড শোতে অংশ নিয়ে ১২ বছরের এই শিশু ঢাকায় যাওয়ার টিকিট পেয়েছে। সে তিন বলে সর্বোচ্চ ১৬ রান করে এই কৃতিত্ব অজর্ন করে।গতকাল সোমবার বিকেলে চেরাগী পাহাড়ে অনুষ্ঠিত গেম শোতে রাসেলের সহপাঠী আরেক শিশু মুরাদও ১২ রান করে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছে। আর ঢাকায় কৃতিত্ব দেখাতে পারলে তারা বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ পাবে। গতকাল চেরাগী পাহাড়ে অনুষ্ঠিত এই গেম শোতে ২০ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ করেন বন্ধুসভা চট্টগ্রামের সভাপতি জিয়াউল হক। এর আগে সকালে ডিসি হিলে প্রথম গেম শোতে প্রথম পুরস্কার পান সোলায়মান ও রাব্বি। দ্বিতীয় হন মেরিন ও মোতালেব। এখানে ২০ জনকে পুরস্কার দেওয়া হয়। ট্রান্সকম বেভারেজের কাস্টমার এক্সিকিউটিভ মুন্সী মোহাম্মদ আবদুল কাইয়ুম ও বন্ধুসভা চট্টগ্রামের উপদেষ্টা আলাউদ্দিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। গেম শো পরিচালনা করেন বন্ধুসভার দলপ্রধান শুভাশীষ শুভ, সহযোগিতা করেন শিমুল, সুফিয়ান, শিহাব ও শাহীন। আজ নগরের কাঠগড় ও চকবাজারে গেম শো অনুষ্ঠিত হবে।