গেরিলা বাহিনীর গেজেট বাতিলের প্রজ্ঞাপন স্থগিত
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী গেরিলা বাহিনীর তালিকা সংবলিত গেজেট বাতিলের প্রজ্ঞাপন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল দিয়েছেন আদালত। গত বছরের ২৯ অক্টোবর প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, উপসচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
গত ১১ ডিসেম্বর ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য রিট আবেদনটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জাহিদুল বারি, তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী তবারক হোসাইন ও এস এ সবুর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম।
জাহিদুল বারি প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ২০১৩ সালের ২২ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে গেরিলা বাহিনীর ২৩৬৭ জন মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করে। তালিকায় পঙ্কজ ভট্টাচার্য, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের উপদেষ্টামণ্ডলীর সদস্য কমরেড মণি সিংহ ও অধ্যাপক মোজাফফর আহমদের নাম ছিল। তবে কোনো কারণ দর্শানো ছাড়াই গত ২৯ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তালিকাটি বাতিল করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে আদালত আজ ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেন।