গেরিলা মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম আর নেই

মহান মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের গেরিলা মুক্তিযোদ্ধা ও কৃষিবিজ্ঞানী ড. জহিরুল ইসলাম আর নেই। গত রোববার দিবাগত রাত দুইটায় তিনি কানাডায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জহিরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ২১ আগস্ট, কুমিল্লার মুরাদনগর থানার পাহাড়পুর গ্রামে। তিনি একাত্তরে তৃণমূল পর্যায়ের একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ক্যাপ্টেন হায়দারের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে তিনি ২ নম্বর সেক্টরের অধীনে ঢাকা শহর ও সংলগ্ন এলাকায় যুদ্ধ করেন। দেশ মুক্ত হওয়ার পর তিনি পড়ালেখায় ফিরে যান। বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট থেকে স্নাতক (সম্মান), ইম্পেরিয়াল কলেজ, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কীটতত্ত্ব বিষয়ে এমএসসি ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। ধানের সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জহিরুল ইসলাম কর্মজীবনে ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী। ২০০১ সাল থেকে তিনি কানাডায় বসবাস করছেন। মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে তাঁর বই একাত্তরের গেরিলা ও মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তাঁর বিয়োগান্ত বিদায়। বই লিখেছেন ধান গবেষণার অভিজ্ঞতা নিয়েও। মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তাঁর বিয়োগান্ত বিদায় বইয়ের জন্য তিনি আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৩ পান। বিজ্ঞপ্তি।