
(স্বাধীনতা-পূর্ব বাংলাদেশে সর্বজ্যেষ্ঠ বাঙালি সামরিক কর্মকর্তা ছিলেন ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদার। ব্রিগেডিয়ার মজুমদার পূর্ব পাকিস্তানে অবস্থিত সামরিক বাহিনী, ইপিআর, পুলিশ ও আনসার বাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত বাঙালি সদস্যদের নিয়ে পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ করার পরিকল্পনা করেন এবং সেটা অনুমোদনের জন্য বঙ্গবন্ধুর কাছে পাঠান। তিনি ২৫ মার্চ পর্যন্ত তাঁর পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন। বঙ্গবন্ধুর অনুমোদন না পাওয়ায় তা সম্ভব হয়নি। ২৭ মার্চ তাঁকে আটক করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। পুরো নয় মাস পাকিস্তানি সেনারা তাঁকে দফায় দফায় পৈশাচিক নির্যাতন করে।
২০১১ সালের ১৯ ডিসেম্বর ব্রিগেডিয়ার মজুমদার মারা যান। তাঁর নিজ হাতে লেখা পাণ্ডুলিপি ও রেকর্ড করা বক্তব্য অবলম্বন করে তাঁর জবানিতেই সেই আক্রমণ পরিকল্পনার কথা চার কিস্তিতে সংক্ষেপে জানাচ্ছেন লুৎফুল হক। আজ প্রকাশিত হলো শেষ কিস্তি)
২৩ মার্চ জেনারেল মিঠঠা কমোডর মমতাজসহ আবার আমার অফিসে এল। কমোডর মমতাজ পুনর্বার আমাকে এমভি সোয়াত আনলোড করার জন্য বলল। জেনারেল মিঠঠাকে বললাম, নেভির লোকজন দিয়ে আনলোড করাতে হবে। কমোডর বলল, ‘আমার লোকজন মার্চেন্ট নেভির জাহাজ থেকে আনলোড করতে পারবে না, তারা প্রশিক্ষণপ্রাপ্ত না। দুর্ঘটনা ঘটে যাবে।’ মিঠঠা জেএইচকিউতে টেলিফোন করে সোয়াত আনলোড করার জন্য করাচি থেকে মার্চেন্ট নেভির লোকজন পাঠাতে বলল। ইতিমধ্যে পশ্চিম পাকিস্তান থেকে প্রায় দুই ডিভিশন সৈন্য পূর্ব পাকিস্তানে এসে গেছে এবং বিভিন্ন স্থানে বসানো হয়েছে।
২৪ মার্চ দুপুরে জেনারেল খাদিম হোসেন রাজা এবং জেনারেল মিঠঠা চট্টগ্রাম এল। খাদিম হোসেন বলল, ‘মজুমদার, তোমাকে ঢাকায় যেতে হবে। প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান সিনিয়র অফিসারদের উদ্দেশে ভাষণ দেবেন।’ বাসায় গেলাম রেডি হতে। আমি ক্যাপ্টেন আমীনকে অন্য টেলিফোন থেকে ওসমানী সাহেবকে বিষয়টি জানাতে বলি। আমীন টেলিফোনে কাউকে পেল না। সে-ও আমাদের সঙ্গে ঢাকায় গেল। ঢাকায় আমাকে নিয়ে গেল ব্রিগেডিয়ার আবরারের বাসায়। আবরার আমার পুরানা বন্ধু। আবরার আমাকে বলল, ‘তোমাকে কমান্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তোমার জায়গায় ব্রিগেডিয়ার আনসারীকে পাঠানো হয়েছে। আর তোমাকে আমার কাস্টোডিতে রাখার অর্ডার হয়েছে। ওখানে রাত্রে থাকলাম।
২৫ তারিখ সকালে আমাকে নিয়ে যাওয়া হলো টিক্কা খানের অফিসে। টিক্কা খান রাগান্বিতভাবে আমাকে বলল, ‘তুমি তো সোয়াত আনলোড করলে না, আনসারী তো করে ফেলেছে। এতে পরিষ্কার বোঝা যায় যে তুমি আওয়ামী লীগের লোক ছিলা। এখন তোমার কাজ হলো কর্নেল রকিবকে নিয়ে জয়দেবপুর যাও। ওখানে কর্নেল মাসুদের (দ্বিতীয় ইস্ট বেঙ্গলের অধিনায়ক) জায়গায় তাকে বসায় দিয়া আসো।’ বাইরে এসে দেখলাম রকিব দাঁড়িয়ে আছে। তখন আমীন এল। আমীনকে বললাম, ‘যাও যেভাবে পারো এম আর চৌধুরীকে স্ট্রাইক করতে বলো।’ সে চলে গেল ওসমানী সাহেবের বাসায়। ওসামানী সাহেবকে পেল না। কারণ রাত থেকেই তারা কেউ বাসায় ছিল না। আমাদের নিয়ে যাওয়া হলো জয়দেবপুরে। আমাকে রিসিভ করল সফিউল্লাহ (উপ-অধিনায়ক)। আমি সবাইকে সম্বোধন করে বললাম, ‘মাসুদের জায়গায় কর্নেল রকিব এখন তোমাদের নতুন সিও। ইনিও একজন বাঙালি অফিসার তোমরা এখন তার কমান্ডে চলবা।’
ফিরে এসে দেখি আবরার ঘরে নাই। আমি সোজা চলে গেলাম ধানমন্ডিতে আমার ভাইয়ের বাসায়। ভাবীকে বললাম, ‘ওসমানী সাহেব আর তাজউদ্দিন সাহেবকে আসতে খবর দাও।’ ভাবী ওসমানী সাহেবকে টেলিফোন করল। তখন সন্ধ্যা হয়ে গেছে। ভাবী তাজউদ্দিন সাহেবের বাসা থেকে ফিরে এসে বলেন যে উনি বাসায় নেই। ইতিমধ্যে ওসমানী সাহেব পেছনের গেট দিয়ে ভাইয়ের বাসায় ঢুকলেন। ওসমানী সাহেবকে সবকিছু জানিয়ে বললাম, ‘মোটেই আর সময় নাই। শিগগিরই তারা আক্রমণ করবে। তাদের শক্তি এখন অনেক বেড়ে গেছে। আগের অবস্থা এখন আর নাই। আমরা এখন শেখ সাহেবকে নিয়ে চট্টগ্রাম চলে যাই। চট্টগ্রাম যদি আমরা নাও যেতে পারি, অন্তত জয়দেবপুরে গিয়ে সফিউল্লাহর সাথে যোগ দেই।’ ওসমানী সাহেব বলেন, ‘এখন তো তাদের শক্তি অনেক বেড়ে গেছে, যদি এখন বিদ্রোহ করি তাতে তাদেরকে কী করতে পারব। আমাদের গেরিলা যুদ্ধ ছাড়া আর কোনো পথ নাই।’ যাই হোক, আমরা দুইজন শেখ সাহেবের বাসায় যাব ঠিক করলাম। ওসমানী সাহেব বললেন, ‘আমার মনে হয় আপনার না যাওয়াই ভালো, আপনাকে তো চিনে ফেলবে ওরা। ওনার বাসার চারদিকে গার্ড আছে, আইএসআই ও সব রকম গোয়েন্দা আছে।’ তিনি একাই গেলেন। ঘণ্টা খানেক পরে ওসমানী সাহেবের টেলিফোন আসল। ওসমানী সাহেব বললেন, ‘বঙ্গবন্ধু আমাকে বললেন যে ইয়াহিয়ার সঙ্গে মিটিং করে একটা আপস মীমাংসা হয়ে গেছে। ইয়াহিয়া খান কাল সকালে ঘোষণা দেবে। কাল সকালে যদি উনি ঘোষণা না দেয়, তাহলে বঙ্গবন্ধু বলবেন কী করতে হবে। কাল সকালে ইয়াহিয়া খানের ঘোষণা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।’ আমি এই খবর পেয়ে নিরাশ হয়ে গেলাম।
এরপরে আমি আবরারের বাসায় আর গেলাম না, চলে গেলাম গেন্ডারিয়া আমার শ্বশুরের বাসায়। রাত্রে হঠাৎ গুলির আওয়াজ শুনি। দোতলায় বারান্দায় দাঁড়িয়ে দেখি ঢাকা একদম লাল হয়ে গেছে। সকাল হলো। ফজর নামাজ পড়ে রওনা দিলাম ক্যান্টনমেন্টের দিকে। ওখানে গিয়ে শুনলাম আমার পরিবারকে হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে আসা হয়েছে, ব্রিগেডিয়ার আনসারীর বাসায় রাখা হয়েছে। আমি আমার স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে গেন্ডারিয়ায় শ্বশুরবাড়ি গেলাম। সেখানে আমীন আসল। আমীনকে বললাম, ‘আর আমাদের এখানে থাকা ঠিক হবে না। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই।’ আমীন বলল, ‘স্যার, কাল সকালে আমরা রওয়ানা দিব।’ পরদিন ভোরে ফজরের নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে দেখি বাসার চারদিকে অনেক সৈন্য। দুইজন আমার বাসায় ঢুকে আমাকে বলল, ‘স্যার, জেনারেল টিক্কা খান আপনাকে নিয়ে যেতে আমাদের পাঠিয়েছেন।’ আমাকে নিয়ে গেল অফিসার মেসে। কিছুক্ষণ পর নিয়ে গেল টিনের ব্যারাকে। ওখানেই থাকলাম। কারও সঙ্গে কথা বলতে দিল না। এপ্রিল মাসের এক তারিখ অনেক রাত্রে একজন অফিসার আর কয়েকজন সিপাহী এসে আমাকে এয়ারপোর্টে নিয়ে গেল, সেখান থেকে পকিস্তানে।