গোঁজামিল দিয়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়াতে চায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। কিন্তু এ জন্য এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) তারা যে প্রস্তাব জমা দিয়েছে, সেটি নানা রকম গোঁজামিলে ভরা এবং অপূর্ণাঙ্গ। এই প্রস্তাবে যেসব হিসাব যেভাবে দেওয়ার কথা তা দেওয়া হয়নি। অনেক হিসাব বাড়িয়ে দেখানো হয়েছে। প্রস্তাবটি পর্যালোচনা করে বিইআরসি এই চিত্র পেয়েছে বলে জানা গেছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের গবেষক ও পর্যবেক্ষকদের মতে, এভাবে গোঁজামিলের হিসাব দেওয়ার উদ্দেশ্য বিদ্যুতের উৎপাদন ব্যয় বেশি দেখিয়ে দাম বাড়ানোর যৌক্তিকতা প্রমাণ করা। চলতি মাসেই বিইআরসি দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করবে। আগে গ্যাসের, পরে বিদ্যুতের।
আইন অনুাযায়ী, পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম পরিবর্তন করতে হলে এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব পেশ করতে হয়। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত স্বাধীন এই প্রতিষ্ঠান এরপর সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে শুনানি করে যৌক্তিক দাম ঠিক করে দেয়।
বিইআরসির সূত্র জানায়, পিডিবি দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে গত নভেম্বর মাসে। অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরের পঞ্চম মাসে। কিন্তু দাম বাড়ানোর সব হিসাবের ভিত্তি ধরা হয়েছে ২০১৪-১৫ অর্থবছরের। বিইআরসির অনুসৃত বিধান অনুযায়ী প্রস্তাবের সঙ্গে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরের অনুমিত হিসাব (প্রোজেকশন), এই সময়ে পিডিবি কী কী উন্নয়ন কর্মকাণ্ড করবে, বিদ্যুতের উৎপাদন কতটা বাড়াবে, পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) কতটা কমাবে—এসব হিসাব জমা দেওয়ার কথা। কিন্তু তার কিছুই দেয়নি।
পিডিবির প্রস্তাবে এমন কেন্দ্রের ব্যয়ও বিদ্যুতের উৎপাদন খরচ হিসেবে দেখানো হয়েছে, যেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ। এ ধরনের কেন্দ্রের ব্যয়ভার বিদ্যুতের উৎপাদন খরচ হিসেবে গ্রাহকের বহন করার কথা নয়। যেসব কেন্দ্রে উৎপাদন খরচ কম, সেগুলো বেশি সময় চালানো হলে বিদ্যুতের মোট উৎপাদন খরচও কম পড়ে। কিন্তু তা করা হয় না, বরং কোনো কোনো ক্ষেত্রে বেশি দামের বিদ্যুৎ বেশি উৎপাদন করা হয়।
সরকার বিদ্যুৎ খাতে যে ভতুর্কি দেয়, তার সুদ পরিশোধ বাবদ একটি ব্যয় পিডিবির দাম বাড়ানোর প্রস্তাবে দেখানো হয়েছে। কিন্তু পিডিবি এখন পর্যন্ত কোনো দিন সরকারের দেওয়া ভর্তুকির মূল অর্থ কিংবা সুদ পরিশোধ করেনি।
পিডিবির দেওয়া যে হিসাবের ওপর ভিত্তি করে গত বছরের সেপ্টেম্বরে বিদ্যুতের সর্বশেষ দাম বাড়ানো হয়, শেষ পর্যন্ত সে হিসাবও ঠিক থাকেনি। যেমন তখনকার দাম বাড়ানোর প্রস্তাবে পিডিবি ২০১৪-১৫ অর্থবছরে মোট ৪৫ হাজার ১৮৬ মিলিয়ন ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুৎ উৎপাদন করতে হবে বলে উল্লেখ করেছিল। কিন্তু বছর শেষে উৎপাদন করেছে ৪৩ হাজার ৭১৭ মিলিয়ন ইউনিট। প্রায় ২০ লাখ ইউনিট বিদ্যুৎ কম উৎপাদন করায় পিডিবির উৎপাদন ব্যয় প্রাক্কলিত ব্যয়ের চেয়ে কম হয়েছে। কিন্তু পিডিবি বিদ্যুতের দাম পাচ্ছে বেশি উৎপাদন করার হিসাবে। পিডিবি এখনো প্রতিশ্রুতির চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন করছে। ফলে উৎপাদন ব্যয় কম হচ্ছে।
বিইআরসির সূত্র জানায়, গতবারের দাম বাড়ানোর প্রস্তাবে পিডিবি গড় উৎপাদন ব্যয় দেখিয়েছিল ইউনিট প্রতি ৬ টাকা ৮ পয়সা। কিন্তু প্রকৃত ব্যয় হয়েছে ৫ টাকা ৮৬ পয়সা। ইতিমধ্যে, গত এপ্রিলের শেষ সপ্তাহে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। বেসরকারি খাতের ১১টি কোম্পানি তাঁদের বিদ্যুৎকেন্দ্রের জন্য নিজেরাই জ্বালানি তেল আমদানি শুরু করেছে আরও অনেক আগে থেকে। ফলে বিদ্যুতের উৎপাদন ব্যয় ৫ টাকার কাছাকাছি চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
কিন্তু এসবের কোনো প্রতিফলন পিডিবির এবারের প্রস্তাবে নেই। এই প্রস্তাবে ভর্তুকিও শূন্য দেখানো হয়েছে। কিন্তু গত অর্থবছরে পিডিবি ভর্তুকি পেয়েছে। চলতি অর্থবছরেও যে পাবে তা নিশ্চিত। পিডিবির প্রস্তাবে বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন তহবিল, অন্যান্য আয় (যদি থাকে) প্রভৃতিও যথাযথভাবে উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে বিইআরসির চেয়ারম্যান এ আর খান প্রথম আলোকে বলেন, প্রস্তাবটি পূর্ণাঙ্গ করার জন্য প্রায় সাত মাস ধরে পিডিবির কাছে বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। এসব তথ্য তাদের প্রস্তাবে এমনিতেই থাকার কথা। কিন্তু তারা তা দেয়নি। এখন তা চেয়েও পাওয়া যাচ্ছে না। অথচ প্রস্তাবটি নিয়ে বেশি দিন বসে থাকার সুযোগ বিইআরসির নেই।
বিইআরসি বারবার চেয়েও পিডিবির কাছ থেকে যে তথ্য পাচ্ছে না, এ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে পিডিবির চেয়ারম্যান শামসুল হাসান মিয়া অনেকটা বিস্ময় প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘তাই নাকি! আচ্ছা আমি দেখব। যে মহাব্যবস্থাপক হিসাব-নিকাশের বিষয়টি দেখেন, তিনি দেশের বাইরে ছিলেন বলেই হয়তো এমন হয়েছে।’
পিডিবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠিয়েছে গত নভেম্বরে। তাতে বিতরণ কোম্পানিগুলোর কাছে বিক্রির জন্য বিদ্যুতের পাইকারি দাম ২৯ দশমিক ৩৯ শতাংশ বাড়ানোর আবেদন করা হয়েছে। এর ভিত্তিতে বিতরণ কোম্পানিগুলোও গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করেছে।
এর মধ্যে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) ৮ দশমিক ৩৫ শতাংশ; ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ৮ দশমিক ৮৬; পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) ১০ দশমিক ৭৬ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ৭ দশমিক ০৮ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
বিদ্যুতের দাম সর্বশেষ বাড়ানো হয় গত বছরের ১ সেপ্টেম্বর থেকে। গত পাঁচ বছরে মোট ছয়বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।