গোগালীছড়া 'বদ্ধ জলাশয়' নয় ইজারা না দেওয়ার সুপারিশ
মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার বিভিন্ন এলাকা ছুঁয়ে প্রবহমান গোগালীছড়া নদী ‘বদ্ধ জলাশয়’ নয় বলে জানিয়েছে জুড়ী উপজেলা প্রশাসন। একে ইজারা না দেওয়ারও সুপারিশ করা হয়েছে। প্রশাসনের করা এক তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, ১৩ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘নদীকে বদ্ধ জলমহাল দেখিয়ে ইজারা! ২০ হাজার একর জমিতে বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ ব্যাপারে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়। ইউএনও উপজেলার মৎস্য কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন। ১৭ সেপ্টেম্বর মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী ইউএনওর কাছে প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গোগালীছড়া প্রবহমান নদী। এটি বদ্ধ নয়। ভূমি কার্যালয়ের সংশ্লিষ্ট মৌজার মানচিত্রেও এটিকে প্রবহমান নদী উল্লেখ করা হয়েছে। উজান থেকে পাহাড়ি ঢল নামায় বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত এই নদীতে প্রবল স্রোত থাকে। নদীটির গভীরতা ১৫-২০ ফুট, প্রস্থ ১০০-২০০ ফুট ও দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। শুষ্ক মৌসুমে বোরো আবাদে সেচের জন্য পানি আটকাতে স্থানীয় লোকজন নদীর বিভিন্ন স্থানে মাটি ফেলে অস্থায়ী বাঁধ স্থাপন করেন। এ অবস্থায় গোগালীছড়াকে ইজারা না দেওয়া এবং একে প্রবহমান নদী হিসেবে ঘোষণার জন্য প্রতিবেদনে সুপারিশ করা হয়।
ইউএনও মোহাম্মদ শহিদুল ইসলাম গতকাল শনিবার সকালে মুঠোফোনে বলেন, ‘তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠানো হবে।’ এ ব্যাপারে জানতে মুঠোফোনে একাধিকবার জেলা প্রশাসক মো. কামরুল হাসানকে ফোন দিলেও তিনি ধরেননি। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী মুঠোফোনে বলেন, প্রথম আলোর প্রতিবেদনের ভিত্তিতে জুড়ীর ইউএনওর কাছে সরেজমিন প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৭ সালে কুলাউড়ার তৎকালীন ইউএনও জহিরুল ইসলাম প্রথমে গোগালীছড়াকে ‘জলমহাল’ ঘোষণা করে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের ‘সাদিপুর যুব সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি মৎস্যজীবী সমিতিকে খণ্ডকালীন খাস ইজারা দেওয়ার উদ্যোগ নেন। ওই বছরের ৯ অক্টোবর ইসলাম উদ্দিন নামের একই গ্রামের এক ব্যক্তি ভূমি মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন ও গোগালীছড়াকে উন্মুক্ত নদী উল্লেখ করে ইজারা বন্দোবস্ত বাতিলে কুলাউড়ার সহকারী জজ আদালতে স্বত্ব মামলা করেন।
মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্দোবস্ত স্থগিত রাখতে আদালত প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। গত ২৯ এপ্রিল আদালত ওই মামলাটি খারিজ করে দেন। এরপর গত আগস্ট মাসে জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে মৌলভীবাজার জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় গোগালীছড়াকে ‘বদ্ধ জলমহাল’ দেখিয়ে তিন বছর মেয়াদে (বাংলা ১৪২১ থেকে ১৪২৩ সন পর্যন্ত) বার্ষিক ৪০ হাজার টাকায় জুড়ীর ‘দীঘলবাঁক মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সমিতিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়।