গোড়াই-সখীপুর সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্ত l ছবি: প্রথম আলো
সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্ত l ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর সড়কটির উন্নয়নকাজের জন্য ৩৫ কোটি টাকা ব্যয় করা হলেও এর অধিকাংশ স্থানে ইট-খোয়া ও পিচঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত ওজনের যান চলাচল করায় কাজ শেষ হওয়ার ১০ মাসের মধ্যেই সড়কটির এই দুরবস্থা হয়েছে। এতে সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মির্জাপুর কার্যালয় সূত্রে জানা গেছে, গোড়াই-সখীপুর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০৮-০৯ অর্থবছরে কাজ শুরু হয়। কয়েক ধাপে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে গত বছরের ডিসেম্বরে এর কাজ শেষ হয়। এ সড়কের দৈর্ঘ্য ২৭ কিলোমিটার।
মির্জাপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম খান বলেন, ১৫ টন ধারণক্ষমতার ওই সড়কে পাথর, মাটি ও রডবোঝাই ট্রাকসহ ৩০ টনের বেশি ওজনের যানবাহন চলাচল করছে। এতে সড়কটির অনেক স্থান ভেঙে গেছে। এসব স্থান সংস্কারের জন্য ১১ কোটি ২৬ লাখ টাকার একটি প্রকল্প তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, সড়কটি টাঙ্গাইল জেলার মির্জাপুর, সখীপুর, কালিহাতী, ঘাটাইল ও মধুপুর উপজেলার মানুষ ও মালামাল পরিবহনের একমাত্র রাস্তা। এ ছাড়া এটি দিয়ে পাশের ময়মনসিংহ ও গাজীপুরের আরও পাঁচটি উপজেলার মানুষ চলাচল ও মালামাল পরিবহন করে থাকে।
মির্জাপুরের মামুদপুর গ্রামের আজিজ মিয়া বলেন, সড়কটির দুরবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত ১২ অক্টোবর সরেজমিন দেখা গেছে, সড়কটি সংস্কার না করায় ইট-খোয়া ও বিটুমিন উঠে গেছে। অধিকাংশ স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে ২-৩ ফুট গভীর গর্তও হয়েছে। মির্জাপুরের বেলতৈল এলাকায় তিন দিন ধরে এক্সেল ভেঙে একটি ট্রাক রাস্তার ওপর পড়ে আছে।
ট্রাকটির মালিক মো. সালাউদ্দিন বলেন, ভাঙাচোরা ওই রাস্তা দিয়ে চালাতে গিয়ে গত শনিবার সন্ধ্যায় তাঁর ট্রাকটির এক্সেল ভেঙে যায়। কাছাকাছি গ্যারেজ না থাকায় দ্রুত মেরামত করে তা সরিয়ে নেওয়া যাচ্ছে না। ট্রাকটি মেরামত করতে ৩০ হাজার টাকা লাগবে।
টেম্পোচালক রাহেজ উদ্দিন, আশরাফুল ইসলাম ও জহিরুল ইসলাম জানান, সড়কটির গোড়াই থেকে মির্জাপুরের তক্তারচালা পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা যেতে আগে ২০-২২ মিনিট লাগলেও এখন দেড় ঘণ্টারও বেশি সময় লাগে।