গোদাগাড়ীতে কম্বল পেলেন ২০০ জন
‘রিইয়ারটে অডি কষ্টলে পাঁহেকানা। কম্বল পেয়ে ইঁমালেপেপে অডি রোসকো লে ইকোদা। প্রথম আলো আইমা সারহাও অর্থাৎ শীতে খুব কষ্ট পাচ্ছিলাম। কম্বল পেয়ে আমরা খুশি। প্রথম আলোকে ধন্যবাদ।’ গতকাল মঙ্গলবার প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের কদমশহর জোড়পুকুরপাড়া গ্রামের সরমনি হাসদা এভাবেই অনুভূতি ব্যক্ত করেন।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সহযোগিতায় গতকাল গোদাগাড়ী উপজেলার ২০০ জন দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রথম আলো বন্ধুসভা রাজশাহীর বন্ধুদের সহযোগিতায় এসব কম্বল পৌঁছে দেওয়া হয় গোদাগাড়ীর প্রত্যন্ত গ্রামের শীতার্তের মাঝে। উপজেলার দেওপাড়া ইউনিয়নের কদমশহর দিঘিপাড়া, নাপিতপাড়া, কদমশহর জোড়পুকুরপাড়া, বড়দমা, বাংলাকান্দর, বেলপুকুর, চকপাড়া, ফকিরপাড়া, জামদহ গ্রামের দরিদ্র মানুষদের বাছাই করে এসব কম্বল দেওয়া হয়।