গোদাগাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয়জন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহত সবাই বাসের যাত্রী ছিলেন।

নিহত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের ভুলু মণ্ডলের ছেলে শ্যামা মণ্ডল (৩০) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সদরের নারায়ণ দাসের ছেলে মানিক দাস (২৮)।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এসএ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় দুজন যাত্রীর পেটে বাসের লোহার দণ্ড ঢুকে গেলে তাঁরা ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়াও বাসের অন্তত নয়জন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ ট্রাক ও বাস আটক করেছে। তবে দুটি গাড়িরই চালক পলাতক রয়েছে। মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।