রাজশাহী সিটি করপোরেশন সম্প্রতি চারটি উন্নয়নকাজের দরপত্র আহ্বান করেছে। কিন্তু প্রকাশ্যে কেউ এসব দরপত্র কিনতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। টাকা নেই, তাই নিজের লোক দিয়ে কাজ করানোর জন্য বাইরে দরপত্র বিক্রি করা হয়নি বলে জানিয়েছে সিটি করপোরেশন৷
মেয়র মোসাদ্দেক হোসেন জানান, সিটি করপোরেশনের টাকা নেই। কিন্তু এসব উন্নয়নকাজ করা জরুরি। তাই তিনি নির্দিষ্ট কয়েকজন ঠিকাদারের সঙ্গে চুক্তি করেছেন। তাঁরা কাজ করে এক বছর পরে টাকা নেবেন। লটারি করলে যাঁরা কাজ পাবেন, তাঁরা আবার অন্য জায়গায় বিক্রি করবেন। তাঁরা নিজেরা কাজ করবেন না। করলেও বিল চাইবেন, কিন্তু বিল দেওয়ার তো টাকা নেই। তিনি কাজগুলো এক বছর এগিয়ে নেওয়ার জন্য এই কৌশল অবলম্বন করেছেন। এর মধ্যে কোনো লুকোচুরি নেই। এর মধ্যে কোনো অনিয়মও নেই।
সিটি করপোরেশন সূত্র জানায়, গত ৩০ এপ্রিল পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে চারটি উন্নয়নকাজের দরপত্র আহ্বান করা হয়। এগুলো হচ্ছে নগরের বিনোদপুর বাজারে সিটি করপোরেশনের নিজস্ব একতলা বিপণিবিতানের ওপরে দ্বিতীয় ও তৃতীয় তলা নির্মাণ, কজলা পানির পাম্পের পাশে কসাইখানা ও সাহেববাজার কসাইখানা নির্মাণকাজ। গত ১১ মে আবার সংশোধিত দরপত্রের মাধ্যমে ভাড়ালীপাড়া পুকুরের সংরক্ষণ দেয়াল ও সিঁড়ি নির্মাণকাজের অপর একটি দরপত্র আহ্বান করা হয়। ১৮ মে আরও একটি সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৩০ এপ্রিলের বিজ্ঞপ্তির প্রথম বিজ্ঞপ্তির সঙ্গে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে অভিভাবকদের বসার শেড নির্মাণ, সাহেববাজার, মনিচত্বর ও জিরো পয়েন্টে ব্রিক ওয়ার্ক ও স্ল্যাব নির্মাণ, চৌদ্দপায় এলাকায় কালভার্ট সংস্কার ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের মসজিদ সংস্কারকাজ জুড়ে দেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় ব্যয়ও বাড়িয়ে দেওয়া হয়েছে। এ নির্মাণকাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে এক কোটি সাত লাখ ৫০ হাজার টাকা। এ কাজগুলোর দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ২৬ মে৷
খোঁজ নিয়ে জানা গেছে, দরপত্রে উল্লেখিত নির্ধারিত কোনো স্থান থেকেই এসব কাজের দরপত্র বিক্রি হয়নি৷ কিনতে গিয়ে ঠিকাদারেরা ফিরে এসেছেন৷ তবে যেসব ঠিকাদারের সঙ্গে গোপন চুক্তি হয়েছে, তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র জমা দেওয়ার জন্য ব্যাংক ড্রাফট করেছেন৷ গোপনে তাঁরা দরপত্র জমাও দিয়েছেন৷ প্রথম কাজে তিনটি, দ্বিতীয় ও তৃতীয় কাজে চারটি এবং শেষ কাজে পাঁচটি দরপত্র জমা পড়েছে৷ কিন্তু কোনো প্রতিযোগিতা ছাড়াই গোপনে দরপত্র জমা নেওয়ার বিষয়টি জানাজানি হয়ে গেলে আইনি জটিলতার কথা ভেবে ওই ঠিকাদারদের কাজ দেওয়ার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে৷
জানতে চাইলে সিটি করপোরেশনের সচিব মাসুদুজ্জামান জানান, দরপত্র খোলার সময় তিনি ঢাকায় ছিলেন৷ এ কাজের ব্যাপারে তিনি কিছুই বলতে পারবেন না৷ প্রকৌশল শাখা এটা বলতে পারবে৷ করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী জানান, তিনি লন্ডনে ছিলেন৷ গত সোমবার ফিরেছেন৷ এ ব্যাপারে তিনি কিছুই শোনেননি৷ শেষ পর্যন্ত এ দরপত্রগুলোর কী হবে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, অনিয়ম করে জমা দেওয়া কোনো দরপত্র গ্রহণযোগ্য হবে না৷