গোপালগঞ্জ ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে গত রোববার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় দুই পরিবহনশ্রমিকসহ চারজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। গতকাল সোমবার সাতক্ষীরার সদর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ইঞ্জিনচালিত ভ্যানের (গ্রামবাংলা) এক চালক নিহত হয়েছেন।
এদিকে সড়ক দুর্ঘটনায় আহত পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক স্কুলছাত্র চিকিৎসাধীন অবস্থায় গত রোববার মারা গেছে।
গোপালগঞ্জ: মুকসুদপুরের সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মো. আবদুস সালাম বলেন, ফরিদপুর থেকে ছেড়ে আসা শাহ ফরিদ (ফরিদপুর-ব-১১-০০৩৭) নামের বাসটি মাদারীপুরে যাচ্ছিল। রোববার সন্ধ্যা সাতটার দিকে বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের রাঘদী সেতুর কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চারজন নিহত ও ৩০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মাদারীপুর, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন বাসের তত্ত্বাবধায়ক মুকসুদপুরের রাঘদি তপারকান্দি গ্রামের আব্বাস আলী (৪০), বাসচালকের সহকারী ফরিদপুর সদর উপজেলার চণ্ডীপুরের দুর্গাপুর গ্রামের ওসমান শেখের ছেলে সোহরাব শেখ (৩৫), বাসযাত্রী মাদারীপুর সদর উপজেলার পিয়াকুল গ্রামের সালাম ঢালীর স্ত্রী আবেজান বেগম (৫৫) ও কালকিনি উপজেলার খাশেরহাট গ্রামের আলী আশরাফ (৪০)।
দুই পরিবহনশ্রমিকের মৃত্যুতে ফরিদপুরের চারটি পরিবহন-মালিক-শ্রমিক সংগঠন বাস বন্ধ রেখে গতকাল শোক কর্মসূচি পালন করে। এর অংশ হিসেবে গতকাল ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদপুর শহর থেকে কোনো বাস ছাড়েনি। বিভিন্ন স্থান থেকে আসা লোকজন বাস না পেয়ে ইঞ্জিনচালিত মাহেন্দ্র, অটোরিকশাসহ অন্যান্য যানবাহনে করে গন্তব্যে রওনা হয়। তবে বাইরে থেকে ছেড়ে আসা অন্যান্য যানবাহন যথারীতি ফরিদপুরে প্রবেশ করেছে।
সাতক্ষীরা: প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা সদর উপজেলার কাসেমপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে ইসমাইল হোসেন (৩৫) গতকাল বেলা ১১টার দিকে গ্রামবাংলায় করে কয়েকজন যাত্রী নিয়ে সাতক্ষীরা থেকে ভোমরা বন্দরে যাচ্ছিলেন। পথে বাজে ভোমরা স্থানে গ্রামবাংলা ভ্যানটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন ইসমাইল। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস বলেন, চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে ইসমাইলের মৃত্যু হয়। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে তিনি আঘাত পেয়েছিলেন।
মঠবাড়িয়া (পিরোজপুর): পারিবারিক সূত্র জানায়, গত ২৯ জুলাই ঈদের দিন মঠবাড়িয়ার বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের কারিগরি শাখার নবম শ্রেণির ছাত্র মো. রানা (১৬) দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাট থেকে বাড়িতে আসছিল। পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের বোতলা স্থানে একটি টমটমের ধাক্কায় রানা ও তার দুই বন্ধু গুরুতর আহত হয়। গত রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রানা উপজেলার বড়মাছুয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল মালেক মিয়ার ছেলে।
[প্রতিবেদন তৈরি করেছেন নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা; গোয়ালন্দ (রাজবাড়ী), লোহাগড়া (নড়াইল) ও মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি]