গোপালগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু, মামলা
গোপালগঞ্জে সাথী (১৮) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। গত সোমবার রাতে সদর উপজেলার ভেন্নাবাড়ী নবপল্লী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। এতে গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আসামি করা হয়েছে।
সাথী সদর উপজেলার বেলতলী গ্রামের শ্যামল বিশ্বাসের মেয়ে। ছয় মাস আগে ভেন্নাবাড়ী নবপল্লী গ্রামের সুশান্ত চাঁদের ছেলে গোবিন্দ চাঁদের (২০) সঙ্গে তাঁর বিয়ে হয়।
পুলিশ ও গৃহবধূর স্বজনদের সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় গৃহবধূ অগ্নিদগ্ধ হন। এ সময় তাঁর স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে ছিলেন না। পাশের বাড়ির লোকজন টের পেয়ে সাথীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। এরপর তাঁকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
বৈলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, ঘটনার পর সাথীর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন।