গোপালগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুরে গত শুক্রবার রাতে শামীমা বেগম (২৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিষপান অবস্থায় তাঁকে গোপালগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালে ফেলে রেখে যান স্বামী হাফিজুর রহমান ও তাঁর দুই সহযোগী।
সে সময় কর্তব্যরত চিকিৎসক সবুজ আহমেদ জানান, শামীমা বিষপান করেছেন বলা হলেও হাসপাতালে আনার অন্তত আধ ঘণ্টা আগে তিনি মারা গেছেন। অনেক খোঁজার পর তাঁর স্বামী বা স্বজন কাউকে পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
শামীমার মামাতো ভাই মিল্টন বলেন, ১১ বছর আগে শামীমার সঙ্গে বাজরা গ্রামের হাফিজুরের বিয়ে হয়। কিছুদিন ধরে তাঁদের মধ্যে ঝগড়া চলছিল। মাঝেমধ্যে হাফিজুর তাঁর স্ত্রীকে মারধরও করতেন। তাঁদের নয় ও ছয় বছর বয়সী দুটি মেয়ে আছে।
মুকসুদপুর থানা-পুলিশ জানায়, শামীমার মা আমেনা বেগম গতকাল শনিবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাফিজুরসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।