গোপালগঞ্জে ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার দুই
গোপালগঞ্জে কলেজছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজনকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
অ্যাসিডদগ্ধ ওই ছাত্রী ঢাকার মিরপুর ১৪ নম্বরে অবস্থিত অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ফাউন্ডেশনের সেবিকা প্রাপ্তি তিসিম বলেন, দগ্ধ ওই ছাত্রী বর্তমানে প্লাস্টিক সার্জন রাশেদুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। পাঁচ দিন না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না তাঁর শরীরে কতটা ক্ষতের সৃষ্টি হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, ওই ছাত্রীর বাবা গত শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। এতে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত রথীন ঘোষ, তাঁর বাবা সুধাংশ ঘোষ ও মা সাবিত্রী ঘোষের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।
ওসি আরও জানান, গতকাল রোববার সকালে গোপালগঞ্জ সদরের টুঠামান্দ্রা ইউনিয়নের পাটিকেলবাড়ী বাজার থেকে এ মামলার সন্দেহভাজন আসামি হিসেবে অসীম রায়কে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত রথীনের সঙ্গে তাঁর সখ্য ছিল। অসীম রায় গোপালগঞ্জ সদরের সাতপাড় বাজারের একজন সোনার দোকানদার। তিনি অ্যাসিড সরবরাহ করতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদের জন্য রথীনের মা সাবিত্রীকে শনিবার আটক করা হয়েছিল। মামলার পর তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বৈলতলী পুলিশ তদন্ত ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু নাঈম বলেন, সাবিত্রীকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, রথীন দুই বছর ধরে ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিল। এ ব্যাপরে ইউএনওর কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিস করেও রথীনসহ তাঁর পরিবারের সদস্যদের নিবৃত্ত করা যায়নি। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার দিবাগত রাতে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে।