গোপালগঞ্জে জেনারেল হাসপাতালে কর্মবিরতি অব্যাহত
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের কর্মবিরতি গতকাল রোববার তৃতীয় দিনের মতো অব্যাহত ছিল। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
তিনজন প্রত্যক্ষদর্শী জানান, সাড়ে ১০টার দিকে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা কালো ব্যাচ পরে স্বাস্থ্যসেবা বন্ধ রেখে হাসপাতাল থেকে বের হয়ে আসেন। এ সময় তাঁরা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হাসপাতাল কমপ্লেক্স ঘুরে জরুরি বিভাগের সামনে এসে শেষ হয়।
পরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে সমাবেশে ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম চৌধুরী, সার্জারি বিভাগের কনসালট্যান্ট অনুপ কুমার মজুমদার, অর্থোপেডিক বিভাগের কনসালট্যান্ট এস এম হুমায়ূন কবির প্রমুখ বক্তব্য দেন।
গত ৩০ ডিসেম্বর রাতে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরের রোড়াশি গ্রামের লোকজন হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ইশতিয়াক রেজা ও দুই কর্মচারীকে মারপিট করে।