গোপালগঞ্জে দুই কর্মকর্তার নামে মামলা, গুদাম সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে ভেজাল চাল গুদামজাত করার অভিযোগে কাশিয়ানী উপজেলার রামদিয়ার খাদ্য পরিদর্শক ও মূল্য পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছেন জেলা খাদ্য কর্মকর্তা।
ঘটনার পর জেলা প্রশাসন ওই খাদ্যগুদামটি সিলগালা করে দিয়েছে।
মামলা হওয়ার পর খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম ও মূল্য পরিদর্শক তরিকুজ্জামান পলাতক থাকায় মামলার কাজে কোনো অগ্রগতি হয়নি বলে জানা গেছে।
জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রামদিয়া খাদ্যগুদামে এ বছর বোরো চাল সংগ্রহ মৌসুমে ৫৯২ মেট্রিক টন চাল কেনার কথা।
১ মে থেকে ৩২ টাকা কেজি দরে এ চাল কেনা শুরু হয়। আগামী ৩০ অক্টোবর এ সংগ্রহ অভিযান শেষ হওয়ার কথা। এ পর্যন্ত ওই গুদামে ৫২৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।
এ সময় আগে থেকে গুদামজাত টিআর ও কাবিখার চাল স্থানীয় মিলমালিকদের সহায়তায় চালকলে সরু করে সরকারিভাবে চাল কেনা হয়েছে বলে দেখানোর অভিযোগ ওঠে। এর ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে ওই গুদামে তল্লাশি চালানো হয়।
১৬ জুন গোপালগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) স্নেহাশীষ দাস সেখানে অভিযান চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পান। তিনি গুদামের চালের নমুনা সংগ্রহ করে গুদামটি সিলগালা করেন এবং এ-সংক্রান্ত একটি প্রতিবেদন জেলা খাদ্য কর্মকর্তাকে দেন।
প্রতিবেদন পেয়ে ১৭ জুন জেলা খাদ্য কর্মকর্তা সুবোধ কুমার হাওলাদার খাদ্যে ভেজাল দেওয়ার অভিযোগে কাশিয়ানী থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রথীন্দ্রনাথ তরফদার জানান, দুই কর্মকর্তা পলাতক থাকায় পাঁচ দিন পরও তদন্তকাজে কোনো অগ্রগতি হয়নি।
এদিকে কাশিয়ানী খাদ্যগুদামে কোনো সমস্যা হয়নি বলে দাবি করেছেন উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুল হাকিম।
জেলা খাদ্য কর্মকর্তা সুব্রত কুমার হালদার প্রথম আলোকে বলেন, ‘গুদাম থেকে নমুনা হিসেবে সংগ্রহ করা চাল রাসায়নিক পরীক্ষা করার জন্য পুলিশকে দেওয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষা করার জন্য আমরা খাদ্য অধিদপ্তরে নমুনা চাল পাঠিয়েছি।’