গোপালগঞ্জে পৃথক ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে গণপিটুনি ও সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। সদর উপজেলার হরিদাসপুর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে আবদুস সালাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে কাশিয়ানীতে ট্রাকের ধাক্কায় হানিফ মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাত দেড়টার দিকে ছয় থেকে সাতজন চোর গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামে রাঙ্গা মোল্লার বাড়িতে চুরি করতে আসেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে আবদুস সালাম ও সিরাজ শেখকে ধরে ফেলে। এ সময় তাঁদের অন্য সহযোগীরা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। আটক দু’জনকে পরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই আবদুস সালাম মারা যান। তাঁর বাড়ি খুলনা জেলার রূপসা উপজেলায়। এ ঘটনায় গুরুতর আহত হন সিরাজ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত সিরাজকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় হানিফ মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি কাশিয়ানী উপজেলার ছোট বাহিরবাগ গ্রামের বাসিন্দা ছিলেন।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. হাদী আবদুল্লাহ জানান, নিহত হানিফ সাইকেল চালিয়ে সংযোগ সড়ক থেকে মহাসড়কে উঠছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।