গোপালগঞ্জে বাস খাদে, নিহত ৩, আহত ২২
ঢাকা থেকে নড়াইলগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে তিনজন নিহত ও ২২ জন আহত হয়েছেন৷ ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডের কাছে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে৷
নিহত বাসযাত্রীরা হলেন, ফৌজদার সিকদার (৬৫), খোকন মল্লিক (২৮) ও ওদুদ মৃধা (৭০)৷
বাসের যাত্রী রুহুল আমিন ভুঁইয়া বলেন, বাসচালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন৷ বাসটি পোনা সেতুতে ওঠার সময় যাত্রীরা চালককে বারবার ধীরগতিতে বাস চালাতে অনুরোধ করেন৷ কিন্তু বেপরোয়া গতির কারণে বাসটি সেতু অতিক্রম করার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়৷
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বাসের চালক বারবার ঘুমিয়ে পড়ছিলেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন৷ এ কারণে গাড়ির গতি বেশি থাকায় তা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়৷ এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন৷ আহত ১৮ জনকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷