গোপালগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান ওরফে বাসু হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল শুক্রবার জেলায় বাস চলাচল বন্ধ ছিল। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। হত্যার ঘটনায় নিহত বাসুর ছোট ভাই জাসু শেখ বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছেন।
গতকাল সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ ছিল। বেলা তিনটা থেকে গোপালগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল পুনরায় শুরু হলেও অভ্যন্তরীণ পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ ছিল। তবে গোপালগঞ্জ হয়ে চলাচলকারী আন্তজেলা পরিবহনের বাস চালু ছিল।
গোপালগঞ্জ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ইলিয়াস হোসেন বলেন, ‘বাসু হত্যার ঘটনায় বাস বন্ধ বা ধর্মঘটের কোনো ঘোষণা কোনো শ্রমিক বা মালিক সংগঠন দেয়নি। শোকাহত শ্রমিকেরা সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রাখেন। আমরা মালিকেরা শ্রমিকদের এ স্বতঃস্ফূর্ত আবেগকে সমর্থন জানিয়েছি।’
বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ সাইদুর রহমানকে বুধবার রাতে শহরের লেকপাড় এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এদিকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া সাধারণ যাত্রীদের। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে তাদের ইজিবাইক ও থ্রি হুইলারের সাহায্যে চলাচল করতে হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছে। গোপালগঞ্জ বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ ও র্যা ব সদস্যদের টহল দিতে দেখা গেছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই জাসু শেখ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এ ঘটনায় ইমাম শেখ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।