গোপালগঞ্জে মাহফুজ আনামের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে গোপালগঞ্জে। মামলাটি করেছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ওরফে মুন্না।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম নুসরাত জাবীন নিম্মীর আদালতে এ মামলা করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

আজ সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হন ছাত্রলীগের নেতা শরিফুল ইসলাম ওরফে মুন্না। পরে তিনি আদালতে মানহানির অভিযোগে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহ করা তথ্য যাচাইবাছাই না করে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে ‘ডেইলি স্টার’। যে কারণে শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়। শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী। ওই সংবাদের কারণে শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগ ও বাদীর নিজের ১০ কোটি টাকার মানহানি হওয়ায় তিনি মামলাটি করেছেন।

বাদীপক্ষের আইনজীবী শওকত আলী সিকদার বলেন, আদালত শুনানি শেষ মামলাটি তদন্ত করার জন্য গোপালগঞ্জ সদর থানার ওসিকে নির্দেশ দেন।

সদর থানার ওসি সেলিম রেজা বলেন, ‘আদালতের নির্দেশনা আমরা এখনো পাইনি। আদালতের নির্দেশনা পাওয়ার পর তদন্ত করে এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে খুলনা ও লক্ষ্মীপুরে মানহানির অভিযোগে ‘ডেইলি স্টার’-এর সম্পাদকের বিরুদ্ধে দুটি মামলা করেন ছাত্রলীগের দুই নেতা।

আরও পড়ুন: