গোপালগঞ্জে শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি?
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে ‘অতিরিক্ত’ ভর্তি ফি কমানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।
নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ভর্তি ফি কমানোর দাবিতে ১৬ জানুয়ারি অবস্থান কর্মসূচি, পরদিন মানববন্ধন ও ক্লাস বর্জনের পর ১৮ জানুয়ারি ২০ সদস্যের প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে প্রশাসন এক দিনের সময় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য চায়। কিন্তু ওই দিনের পর থেকেই প্রশাসনের বিভিন্ন সূত্র থেকে আন্দোলনকারীদের এক বছরের জন্য বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীরা আরও বলেন, দু-তিন হাজার টাকা ভর্তি ফি দিতে গেলেও তাঁদের খুব কষ্ট হয়। সেখানে আট হাজার টাকা ভর্তি ফি করে তাঁদের ওপর জুলুম করা হচ্ছে।
আজ রোববার নতুন কর্মসূচি হিসেবে সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
অতিরিক্ত প্রক্টর মো. আশীকুজ্জামান ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের কেন বহিষ্কারের হুমকি দেব। আমরা শিক্ষার্থীদের বাস্তবতা বোঝানোর চেষ্টা করছি। এ বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জট নেই। অথচ ওদের আন্দোলনের জন্য সব বিভাগের পড়াশোনা ব্যাহত হচ্ছে। যারা আজ আন্দোলন করছে, তারা এক বছর আগে এই টিউশন ফি মেনেই সেশন শুরু করেছে। এর মধ্যে আমরা টিউশন ফি বাড়াইনি।’