গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জ সদর উপজেলার চরতারা গ্রামে গতকাল শুক্রবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। গুরুতর অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিন নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তি হলেন আবদুল্লাহ শেখ (৪৫)। তাঁর বাড়ি সদর উপজেলার সুলতানশাহী গ্রামে। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরতালা গ্রামের টুকু শেখ ও নান্নু সিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার নান্নু সিকদারের সমর্থক অলিয়ার সিকদারের লোকজন টুকু শেখের সমর্থক সাহেব সিকদারের বাড়িতে হামলা চালান। এর জবাবে গতকাল শুক্রবার ভোরে টুকু শেখের সমর্থকেরা ঢাল, সড়কিসহ নানা ধরনের দেশীয় অস্ত্র নিয়ে আলিয়ার সিকদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আবদুল্লাহ শেখসহ উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন। খবর পেয়ে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর অবস্থায় আবদুল্লাহ শেখসহ আহত অন্যদের গোপালগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। দুপুর ১২টার দিকে আবদুল্লাহ মারা যান।
গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, আবদুল্লাহ শেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।