গোপালগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী তুহিন কাজীকে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
আসামির আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। আদালতে তুহিন কাজীর পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১০ আগস্ট সদর উপজেলার তুহিন কাজী যৌতুকের দাবিতে স্ত্রী মিনা সুলতানাকে মুখ বেঁধে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন তুহিন ও তাঁর মা কাতু বিবির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন মিনার বাবা। ওই বছরের ১২ আগস্ট তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন অনুসারে মিনার শরীরে ২১টি কোপের চিহ্ন ছিল।