গোপালগঞ্জে ১৬ ছাত্রী হঠাৎ অসুস্থ, স্কুল ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণমনস্তাত্ত্বিক কারণে গতকাল গোপালগঞ্জ সদরের হাজী নাদের আলী ও সাদের আলী উচ্চবিদ্যালয়ের ১৬ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও সহপাঠীরা তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান l প্রথম আলো
গণমনস্তাত্ত্বিক কারণে গতকাল গোপালগঞ্জ সদরের হাজী নাদের আলী ও সাদের আলী উচ্চবিদ্যালয়ের ১৬ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও সহপাঠীরা তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান l প্রথম আলো

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম হাজী নাদের আলি অ্যান্ড ছাদেক আলি মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ১৬ জন ছাত্রী গণমনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৯ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল ছুটি দেওয়া হয়। অসুস্থ হয়ে পড়া ছাত্রীরা সপ্তম শ্রেণির। হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলো লিজা, পূজা, বীথি, অবন্তি, খাদিজা, জ্যোৎস্না, সুমাইয়া, ডলি ও রিমা। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক ভবানী শংকর মালাকার বলেন, ক্লাস চলাকালে প্রথমে খাদিজা খানম মাথাব্যথা ও বমি বমি ভাবের কথা বলে অসুস্থ হয়ে পড়ে। এরপর ক্লাসের আরও ১৫ জন ছাত্রী একই ধরনের উপসর্গ নিয়ে অসুস্থ হয়। দুপুর ১২টার দিকে স্কুলের শিক্ষকেরা অসুস্থ ছাত্রীদের হাসপাতালে নিয়ে যান। অন্য শিক্ষার্থীরা যাতে অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিত কুমার মল্লিকের নেতৃত্বে একটি মেডিকেল টিম স্কুলে যায়। পরে স্কুল ছুটি দেওয়া হয়।
প্রধান শিক্ষক খোন্দকার হাচিনা বলেন, গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হয়। বাকি শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ভয়ে স্কুল ছুটি দেওয়া হয়। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামুল হুদা বলেন, তাঁরা খবর পেয়ে অসুস্থ ছাত্রীদের হাসপাতালে নিয়ে যান।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিত কুমার মল্লিক বলেন, এটি মারাত্মক কোনো রোগ নয়, মাস হিস্টিরিয়াজনিত (গণমনস্তাত্ত্বিক) সমস্যা। বিশ্রাম নিলে এই অসুস্থতা কাটিয়ে ওঠা যাবে। সাধারণত ১২-১৩ বয়সের মেয়েরা মানসিকভাবে দুর্বল থাকে। এ কারণে এমনটি হতে পারে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।