প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ সদর উপজেলার হাজী নাদের আলি অ্যান্ড ছাদেক আলি মেমোরিয়াল উচ্চবিদ্যালয় গতকাল মঙ্গলবার দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী গত সোমবার গণমনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়লে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৬ জন ছাত্রী গণমনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়ে। এ নিয়ে গতকাল প্রথম আলোতে একটি সচিত্র খবর প্রকাশিত হয়। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার ও বুধবার ছুটি ঘোষণা করে।
গোপালগঞ্জ সদর ইউএনও মোল্লা জালালউদ্দীন বিদ্যালয় বন্ধ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিত কুমার মল্লিক বলেন, জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া নয়জন ছাত্রীর ছয়জন সোমবার এবং অন্য তিনজনকে গতকাল ছাড়পত্র দেওয়া হয়েছে।