গোপালগঞ্জের চিকিৎসকদের ধর্মঘট স্থগিত
গোপালগঞ্জ জেলার সব সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাঁদের অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করেছেন। টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, তা দেখে তাঁরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
গতকাল রোববার দুপুরে জেলার সদর হাসপাতালে এক সংবাদ সম্মেলন থেকে ধর্মঘট প্রত্যাহারের কথা জানান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের গোপালগঞ্জ শাখার সভাপতি আবিদ হাসান। তিনি বলেন, রোগীদের কথা চিন্তা করে তাঁদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির কারণে এ কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করা হলো। তবে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আগামী সাত দিন পর্যবেক্ষণ করবেন তাঁরা। এরপর পরিস্থিতি দেখে নতুন কর্মসূচি ঘোষণা করবেন। সেই কর্মসূচি আরও কঠোর হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
গত শুক্রবার খাদিজাতুল কোবরা নামের একজন রোগীকে ইনজেকশন দিয়ে মেরে ফেলার গুজব ছড়িয়ে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর করা হয়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সটি একেবারেই বন্ধ করে দিতে হয়েছে। এটি চালু করতে কয়েক মাস লাগবে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।
এ ঘটনায় গতকাল পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাম ও অজ্ঞাত উল্লেখ করে চার শতাধিক মানুষকে আসামি করা হয়েছে।