গোপীনাথপুরে বিএনপি প্রার্থীর পথসভায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থীর পথসভায় হামলা চালিয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মোস্তফাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মনোনয়নবঞ্চিত কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গত বুধবার রাতে গোপীনাথপুর বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গোপীনাথপুর ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপি থেকে তিনজন মনোনয়ন দাবি করেন। শেষ পর্যন্ত মনোনয়ন পান হাবিবুর রহমান। এতে গোলাম মোস্তফার ভূমিকা ছিল বলে প্রচার রয়েছে। এ কারণে মনোনয়নবঞ্চিত সাবেক চেয়ারম্যান মাহবুব আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান গোলাম মোস্তফার ওপর ক্ষুব্ধ ছিলেন। বুধবার রাতে গোপীনাথপুর বাজারের চারমাথা মোড়ে হাবিবুর রহমানের পথসভায় গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাইদুর রহমান ও তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে সেখানে পথসভায় মামলা করেন। এ সময় তাঁদের হাতে গোলাম মোস্তফা লাঞ্ছিত হন। এরপর দলীয় নেতা-কর্মী ও চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকেরা সংগঠিত হলে সাইদুর রহমানের লোকজন সেখান থেকে চলে যান।
সাইদুর রহমান অভিযোগ করেন, গোলাম মোস্তফা টাকা খেয়ে হাবিবুর রহমানকে দলীয় মনোনয়ন দিয়েছেন। এ বিষয়ে তাঁর কাছে প্রমাণ আছে। এ কারণে দলীয় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে হাবিবুর রহমানের পথসভায় হামলা করেছেন।
গোলাম মোস্তফা টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকায় সাইদুর রহমানের জনপ্রিয়তা নেই। দলীয় সিদ্ধান্তে তিনি মনোনয়ন পাননি। সাইদুর রহমান আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে পথসভায় হামলা করেছেন।
হাবিবুর রহমান বলেন, গোলাম মোস্তফার সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বে সাইদুর রহমান পথসভায় হামলা করেছেন। এ ঘটনার জন্য অন্য কোনো প্রার্থীর ইন্ধনও থাকতে পারে। তবে আওয়ামী লীগের কেউ হামলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।