গোপীবাগে ছয় খুনের ঘটনায় চারজন রিমান্ডে
রাজধানীর গোপীবাগে ছয় খুনের মামলায় চারজনকে চার দিন করে রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম ইউনুস খান তাঁদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
গতকাল ডিবি পুলিশ পরিদর্শক আবুল খায়ের মাতুব্বর আসামি জিয়াউল ইসলাম, আল আমিন, আজমির ও গোলাম সারওয়ারকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নাকচ করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রাকিব উদ্দিন জানান, ওই চারজন রমনা থানায় তিনটি পৃথক মামলার আসামি। এগুলো হলো সন্ত্রাসবিরোধী, অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা। গতকাল আদালতে দেওয়া পুলিশের আবেদনে বলা হয়, ছয় খুনের ঘটনায় জড়িত আছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি। ঘটনার প্রাসঙ্গিকতায় মনে হচ্ছে, ওই চারজন হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসবাদ করা প্রয়োজন।
গত বছরের ২১ ডিসেম্বর সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন রোডের ৬৪/৬ নম্বরে চারতলা ভবনের দ্বিতীয় তলার বাসায় মুরিদ সেজে ঢুকে কথিত পীর লুৎফর রহমান ফারুক, তাঁর ছেলে সারোয়ার ইসলাম ফারুক ওরফে মনির, পীরের খাদেম মঞ্জুর আলম মঞ্জু, মুরিদ মো. শাহিন, রাসেল ও মুজিবুল সরকারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, হত্যার সময় ১০-১২ জন লুৎফরের বাড়িতে ঢুকেছিল। হত্যা করেই তারা চলে যায়।