গোবিন্দ হালদারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’সহ মুক্তিযুদ্ধের সময় বেশ কয়েকটি কালজয়ী গানের স্রষ্টা গীতিকার গোবিন্দ হালদারের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে গতকাল বুধবার দুপুরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ গীতিকারের স্ত্রীর হাতে এই অর্থ তুলে দেন।
উপহাইকমিশনার জকি আহাদ গতকাল দুপুরে কলকাতার কাঁকুরগাছি এলাকার রামকৃষ্ণ সমাধি রোডে গোবিন্দ হালদারের বাসভবনে যান। এ সময় গোবিন্দ হালদারের শারীরিক অবস্থা ও চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নেন। একপর্যায়ে তাঁর স্ত্রীর হাতে নগদ অর্থ তুলে দেন।
গোবিন্দ হালদার কিডনির অসুস্থতা নিয়ে গত ১৩ ডিসেম্বর কলকাতার মানিকতলার জিতেন্দ্র নাথ রায় হাসপাতালে ভর্তি হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ ডিসেম্বর রাতে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন। তখন তাঁর চিকিৎসার খরচ বহনের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি আবদুল হামিদ ২২ ডিসেম্বর রাতে পশ্চিমবঙ্গ সফরে এসে গোবিন্দ হালদারের সঙ্গে সাক্ষাৎ করেন।
গোবিন্দ হালদারের বয়স এখন ৮৫ বছর। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তাঁর রচিত জনপ্রিয় আরও কয়েকটি গান হলো ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাঁরা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল’, ‘পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা’ ইত্যাদি ।