গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় নিহত ১
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়াহাট এলাকায় গতকাল মঙ্গলবার ট্রাকচাপায় হারুন গাজী (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী মামুন মিয়া (২৫) আহত হন। নিহত হারুন ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নাওপাড়া গ্রামের মোসলেম গাজীর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ সূত্র জানায়, হারুন গাজী নাওপাড়া গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে ভোররাতের দিকে রংপুরে যাচ্ছিলেন। ভোর চারটার দিকে বালুয়াহাট এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হারুন নিহত ও মামুন মিয়া আহত হন। আহত মামুন একই উপজেলার ডায়েস্বর গ্রামের আবদুল মজিদের ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ বলেন, এ নিয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।